
জামালপুরে বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি)।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জামালপুর পৌর শহরের কাচারি পাড়া এলাকায় ওই অভিযান চালানো হয়।
জামালপুর জেলা পুলিশের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ ওই অভিযানের নেতৃত্ব দেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা শাখা-২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।
ডিবি-২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি-২ এর একটি আভিযানিক দল জামালপুর সদরের কাচারি পাড়া মডেল মসজিদের সামনে অভিযান চালায়। অভিযানের সময় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ চারজনকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য চার লাখ টাকা।
আটককৃতরা হলেন, গাজীপুর জেলার বাসন থানার আবদুল খালেক (৩৩), মো. রনি (৩০), খাদিজা বেগম (১৯) ও বাবুল মিয়া (৪৫)।
আটককৃতরা সীমান্ত এলাকা থেকে মাদক ক্রয় করে বিভিন্ন জেলায় বিপণন করতো বলে জানায় ডিবি-২।
জেলা গোয়েন্দা শাখা-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিবুর রহমান জানান, আটককৃতদের শুক্রবার দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন জেলা পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এর নির্দেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এসকে


