
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত মঙ্গলবার এসপি জাহাঙ্গীরকে তলব করে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। সেদিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশে যোগ দেওয়া ২৮তম ব্যাচের এই কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামের নেতৃত্বে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে। পাশাপাশি গ্রেপ্তারকৃত এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে বলে জানানো হয়েছে।
আরটিভি/এসএইচএম



