
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পোশাক কারখানার মালিক আনোয়ার মাঝিকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকার ‘ইন্ডিয়ান টেক্সটাইল’ নামের একটি পোশাক কারখানার মালিকের ব্যক্তিগত অফিসকক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরীর মা। তার অভিযোগ, অফিসকক্ষের দরজা বন্ধ করে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন কারখানার মালিক আনোয়ার মাঝি। পরে তাকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়।
ভুক্তভোগী কিশোরীর মা হালিমা খাতুন (৪৯) প্রায় দুই মাস ধরে ওই কারখানায় কাজ করছিলেন। মায়ের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তার মেয়েকে মালিকের ব্যক্তিগত অফিসে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য রাখা হয়েছিল। মেয়েকে আটকে রাখার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ১৩ নভেম্বর কিশোরীর মা সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।
এদিকে, ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এসএস


