
পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং পঞ্চগড়-২ আসনের সাংসদ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের যানবাহনগুলোতে সোলার দিয়ে জ্বালানি সরবরাহ করতে প্রযুক্তি সরবরাহে কাজ করছে সরকার। আগামী তিন মাসের জন্য দেশের বিদ্যুতের চাহিদা মেটানোর মজুত রয়েছে। প্রতিমন্ত্রী বলেন গত ফ্যাসিস্ট সরকারের আমলে কিছু ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য অনেক ধরনে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছিল। সেই কারণে সরকারের হাজার হাজার কোটি টাকা লোকসান গুনতে হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আর্থ সামাজিক সমৃদ্ধ অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক স্থানীয় নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়সহ সব সরকারি দপ্তরের ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার না্ইন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী জ্বালানি রূপান্তরের বিষয়ে উপস্থিত বক্তাদের মতামত মনযোগসহকারে শুনে তার বক্তব্যে সোলার দিয়ে বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরেন। সেইসঙ্গে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
দেশের বেসরকারি এনজিও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় পঞ্চগড়ের দেশ উন্নয়ন সংস্থা এবং কারিগড়-এর যৌথ আয়োজনে এই স্থানীয় নীতি সংলাপের আয়োজন করা হয়।
আরটিভি/এমএইচজে




