
ঢাকার ধামরাইয়ে ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও এরমধ্যে দুজন বাদে বাকিদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (১৫ নভেম্বর) গ্রেপ্তারদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা। মামলায় এজাহারভুক্ত ২২ জনসহ অজ্ঞাত ১০০-২০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। পরে রোববার সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে তাদের ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকার বাসিন্দা ও ধামরাইয়ের কুশুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাকিবুল হাসান (২২) এবং ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা ও ধামরাই পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিমেল হাসান (২৩)।
বাকিরা হলেন- ধামরাই বাথুলী এলাকার রিপন হোসেন (২২), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার দীপংকর বালা (২৮), তিনি ধামরাই মডেল টাউন এলাকার ছানোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ধোপড়া গ্রামের লেলিন বালা (২০), তিনি ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া মহল্লায় ভাড়া থাকতেন। তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা সেখানে একত্রিত হয়েছিলেন। স্থানীয়দের সহযোগিতায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।
যদিও সবার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। তবে গ্রেপ্তারদের সঙ্গে ধামরাই পৌরসভার সাবেক কমিশনার আমিনুল ইসলাম গার্নেলের যোগাযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারদের সঙ্গে আওয়ামী লীগ নেতা গার্নেলের যোগাযোগ রয়েছে। তাদের সঙ্গে রাজনৈতিক আলোচনা ও অর্থের লেনদেনের তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা পাওয়া যায়। পলাতক অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরটিভি/এমএইচজে


