
গোপালগঞ্জে পুলিশ-এপিবিএন ও আনসার থেকে আরও জনবল পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি যশোর রিজিয়নের ব্রিগেট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে গোপালগঞ্জ সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
এ তিনি বলেন, গোপালগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জানমাল নিশ্চিত রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি থেকে প্রায় ১৫০ জনের মতো সদস্য মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় ও জননিরাপত্তা রক্ষায় বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি অর্থাৎ ১৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, আপনারা দেখেছেন পুলিশ, এসআরবি, এপিবিএন, আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যরা এই জননিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে। এছাড়াও জেলা প্রশাসন থেকে যারা সংশ্লিষ্ট তাদের সমন্বয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, পুলিশ, এপিবিএন ও আনসার থেকে আরও জনবল পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। নাশকতামূলক কোনো কার্যক্রম, জননিরাপত্তা বিঘ্নিত করে, সাধারণ জনগণের জান, সম্পত্তি, সরকারি সম্পত্তি এগুলোতে কোনো নাশকতামূলক কর্মসূচি বরদাস্ত করা হবে না। আমাদের মোতায়েনকৃত বিজিবি সদস্যরা জেলা ম্যাজিষ্ট্রেটের চাহিদা অনুযায়ী জেলার গুরত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করবে। এ সময় তারা অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সমন্বয় বজায় রেখে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্পিত দায়িত্ব পালন করবে।
পরে ঢাকা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপালগঞ্জের নিরাপত্তায় পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় ১৩৫০ জন অফিসারসহ পুলিশ সদস্য নিয়োজিত ছিল। গোপালগঞ্জের ৬৭ কিলো ন্যাশনাল হাইওয়েতে পর্যাপ্ত মোবাইল পেট্রোলসহ টহল মোতায়েন ও স্ট্রাইকিং ফোর্স রেডি ছিল গোপালগঞ্জ সদর ছাড়াও ৪টি উপজেলায় আমাদের পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল জনসাধারণের নিরাপত্তায়। গোপালগঞ্জ শহরে পর্যাপ্ত অফিসার ফোর্স মোতায়েন থাকায় বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সুরক্ষায় কাজ করছে। আগামীতে জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষায় যা যা করণীয় তা পুলিশ করবে।
আরটিভি/এমএইচজে


