
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
তিনি বলেন, গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া কোনো রাজনৈতিক শক্তির এত অল্প সময়ে ফিরে এসে পুনরায় নেতৃত্ব দেওয়ার নজির পৃথিবীর ইতিহাসে নেই।
রোববার (১৫ নভেম্বর) ফরিদপুরের সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে আব্দুস সামাদ মুন্সি ইসলামিয়া মাদরাসার ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
শহিদুল ইসলাম বাবুল বলেন, নিষিদ্ধ সংগঠন জনগণের সঙ্গে সম্পৃক্ত না হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সম্প্রতি ফরিদপুরে বাসে অগ্নিসংযোগে একজন নিহতের ঘটনার জন্যও সংগঠনটিকে দায়ী করেন তিনি। জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাসও দেন তিনি।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। বাংলাদেশের মানুষ সজাগ আছে এবং আমরা বিশ্বাস করি আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত তাদের গ্রেপ্তার করবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, উপজেলা যুবদল নেতা মুন্সী ইসারত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আরটিভি/এমএম


