ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের অভাবে ধ্বংসের মুখে দেশের প্রথম রেলস্টেশন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম
প্রয়োজনীয় সংস্কারের অভাবে আজ তা ধ্বংসের মুখে জগতি রেলস্টেশন : ছবি সংগৃহীত

১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩ দশমিক ১১ কিলোমিটার রেলপথ চালুর মাধ্যমে বর্তমান বাংলাদেশে রেলযুগের সূচনা হয়েছিল। ১৬৪ বছরের ঐতিহাসিক এই স্টেশনটি আজও দাড়িয়ে আছে। তবে স্থাপনাটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বহন করলেও প্রয়োজনীয় সংস্কারের অভাবে আজ তা ধ্বংসের মুখে।

শনিবার (১৫ নভেম্বর) জাতীয় রেল দিবসেও উদযাপনের কোনো আয়োজন ছিল না এখানে। যে স্টেশনকে কেন্দ্র করে বাংলাদেশের রেলযাত্রার ইতিহাস রচিত, সেই স্টেশনেই দিবসটি জগতিকে উপেক্ষা করে নীরবেই পার হয়ে গেল।

চরম অবহেলার শিকার জরাজীর্ণ এই ভবনে নেই টিকিট কাউন্টার। জনবল সংকটের থাকায় নামমাত্র চালু থাকা এই স্টেশনটি জাতীয় রেল দিবসেও উপেক্ষিত থেকেছে, যা স্থানীয় ইতিহাসপ্রেমী ও সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে।

দিবসটি কেন পালন করা হলো না, এ বিষয়ে জানতে চাইলে পাকশীর সহকারী পরিবহন কর্মকর্তা-২ (এটিও) জানান, এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। বিস্তারিত জানতে তিনি ব্যবস্থাপকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

সরেজমিনে কুষ্টিয়ার জগতি রেলস্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনের ঐতিহাসিক দ্বিতল ভবনের দেয়ালে বড়বড় ফাটল দেখা দিয়েছে। ছাদের বিভিন্ন অংশের কংক্রিট খসে পড়ছে এবং ছাদ ও দেওয়ালের ফাঁকে জন্মেছে গাছপালা। ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা উঠে গিয়ে ইট বেরিয়ে পড়েছে। দীর্ঘকাল সংস্কার না হওয়ায় পুরো স্থাপনাটি অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে ভবনের দ্বিতীয় তলার ছাদের বিম ও পলেস্তারা ভেঙে পড়ার মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

শুধু মূল ভবনই নয়, স্টেশনের অন্যান্য স্থাপনাগুলোর অবস্থাও বেহাল। যাত্রীদের ব্যবহারের জন্য নির্ধারিত অপেক্ষা কক্ষটি ভেঙে পড়েছে এবং প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে। একসময় বাষ্পচালিত ইঞ্জিনে পানি সরবরাহের কাজে ব্যবহৃত ঐতিহাসিক পানির ট্যাংকটিও এখন ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে। পুরোনো অফিসকক্ষগুলোর বেশির ভাগই তালাবদ্ধ ও পরিত্যক্ত। কোথাও ইতিহাসের স্মৃতি, আবার কোথাও অবহেলার চিহ্ন স্পষ্ট।

বর্তমানে জগতি রেলস্টেশনের নিয়মিত কার্যক্রম প্রায় বন্ধ। টিকিট কাউন্টার বন্ধ থাকায় স্টেশন থেকে টিকিট সংগ্রহের কোনো সুযোগ নেই। এমনকি স্টেশন মাস্টারের কক্ষেও নিয়মিত কোনো কার্যক্রম নেই। যাত্রীদের ওঠানামার সময় ট্রেন থামলেও সার্বিক স্টেশন ব্যবস্থাপনা বলতে কার্যত কিছুই নেই। বর্তমানে মাত্র দুজন গেটম্যান আব্দুর রাজ্জাক ও সাজ্জাদ হোসেন দায়িত্ব পালন করছেন। কাগজে-কলমে স্টেশনে স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় জনবল থাকার কথা থাকলেও বাস্তবে সেই জনবল নেই। দুই স্টেশন মাস্টারের মধ্যে একজন মিজানুর রহমান বর্তমানে চুয়াডাঙ্গায় দায়িত্ব পালন করছেন, অন্যজনও এখানে দায়িত্ব পালন করছেন না।

স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, জগতি স্টেশনের অবস্থা খুবই জরাজীর্ণ। ভবনগুলো অনেক পুরোনো। কাগজে-কলমে এখানে অনেক স্টাফ থাকার কথা। কিন্তু আমি বর্তমানে চুয়াডাঙ্গায় দায়িত্ব পালন করছি। জগতি স্টেশনের দায়িত্ব এখনো কাউকে দেওয়া সম্ভব হয়নি।

স্টেশনের গেটম্যান সাজ্জাদ হোসেন বলেন, যাত্রী ওঠানামার সময়টুকু ছাড়া স্টেশনটি কার্যত বন্ধ থাকে। বর্তমানে এখানে দিনে ছয়বার ট্রেন থামে। কিন্তু স্টেশনের স্বাভাবিক কার্যক্রম নেই।

একসময় এই স্টেশনে ২৬ জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করতেন। সময়ের ব্যবধানে সেই জনবল কমতে কমতে এখন হাতেগোনা কয়েকজনে এসে ঠেকেছে। পর্যাপ্ত কর্মী ও যাত্রীসেবার অভাবে ঐতিহাসিক এই স্টেশনটির গুরুত্বও ক্রমেই হ্রাস পাচ্ছে।

বর্তমানে জগতি স্টেশনে কয়েকটি লোকাল ও কমিউটার ট্রেন যাত্রাবিরতি দেয়। এর মধ্যে গোয়ালন্দ কমিউটার-২, গোয়ালন্দ কমিউটার-৩, গোয়ালন্দ কমিউটার-৪ এবং নকশিকাঁথাসহ কয়েকটি ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। তবে কোনো আন্তঃনগর ট্রেন এখানে থামে না। ফলে দেশের প্রথম রেলস্টেশন হয়েও আন্তঃনগর ট্রেনের যাত্রীসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় মানুষ। ঐতিহাসিক গুরুত্বের তুলনায় স্টেশনটির বর্তমান রেলসেবা অত্যন্ত সীমিত।

স্থানীয়দের কাছে জগতি রেলস্টেশন কেবল একটি যাতায়াতের জায়গা নয়, বরং এটি স্মৃতি ও আবেগের অংশ। একসময় এই স্টেশনকে কেন্দ্র করে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, আনন্দ-বিনোদন ও যোগাযোগের নানা স্মৃতি তৈরি হয়েছিল।

ঐতিহাসিক তথ্যানুযায়ী, ব্রিটিশ শাসনামলে তৎকালীন পূর্ববঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে রেলপথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ১৮৫৩ সালে ভারতীয় উপমহাদেশে প্রথম রেল চলাচল শুরুর প্রায় এক দশক পর ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩ দশমিক ১১ কিলোমিটার রেলপথ চালু হয়। এর মধ্য দিয়ে বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে রেল যোগাযোগের সূচনা ঘটে। একসময় ব্যবসা-বাণিজ্য ও যাত্রী চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল জগতি রেলস্টেশন। অথচ সময়ের সঙ্গে দেশের রেল যোগাযোগ আধুনিক হলেও প্রথম এই স্টেশনটি পড়ে রয়েছে অবহেলা আর অযত্নে।

স্থানীয়দের দাবি, দায়সারা সংস্কার নয়, বরং মূল স্থাপত্য ও ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে পূর্ণাঙ্গ সংস্কার করতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত সংস্কার, প্রয়োজনীয় জনবল নিয়োগ, টিকিট কাউন্টার ও যাত্রীসেবা চালু এবং আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে।

স্থানীয় বাসিন্দা খোকন স্মৃতিচারণ করে বলেন, আমরা যখন কলেজে পড়তাম, তখন সন্ধ্যার দিকে যে লোকাল ট্রেনটি আসত, সেটিতে করে ১০-১২ জন বন্ধু মিলে দর্শনায় বেড়াতে যেতাম। ট্রেনটি ঘুরে আবার ফিরে আসত। আমরাও দর্শনা ঘুরে সেই ট্রেনেই জগতি স্টেশনে ফিরে আসতাম। এখন সেই দিনগুলো শুধু স্মৃতি।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে প্রতিবছর ১৫ নভেম্বর জাতীয় রেল দিবস উদযাপন করে আসছে বাংলাদেশ রেলওয়ে। প্রথমবার দিবসটি পালন করা হয়েছিল রেলওয়ের ১৫৮ বছর পূর্তি উপলক্ষে। ওই বছর রাজধানীর রেল ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেলের জালে আটকা পড়ল ১২ ফুট অজগর
বরগুনার পাথরঘাটায় জেলের জালে আটকা পড়া ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় অজগরটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।
জেলের জালে আটকা পড়ল ১২ ফুট অজগর
দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
সোমবার (১৬ নভেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান স্বাক্ষরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গভীর রাতে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্টেশন অফিসের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গভীর রাতে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ
স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা: অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত 
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামান হত্যায় অভিযুক্ত মো. মেহেদী (৩১) উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন। 
স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা: অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত 
৫৬ বছর ধরে এক ব্রিজের জন্য অপেক্ষা, দুর্ভোগে ১৫ হাজার মানুষ
স্বাধীনতার ৫৬ বছর পার হলেও একটি ব্রিজের অভাবে জামালপুরের বকশীগঞ্জে চরম ভোগান্তি ও দুর্ভোগে রয়েছেন ৫ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় খালের ওপর একটি ব্রিজ নির্মাণ না হওয়ায় প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, ভ্যানচালকসহ সাধারণ মানুষ।
৫৬ বছর ধরে এক ব্রিজের জন্য অপেক্ষা, দুর্ভোগে ১৫ হাজার মানুষ