
নারায়ণগঞ্জের সোনারগাঁয় কবুতর চুরির অভিযোগে পিটুনিতে সোহেল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সোহেল বরিশাল জেলার বাসিন্দা। তিনি ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ভারগাঁও নন্দীপুর এলাকার মো. আলীর বাড়িতে কবুতর চুরি করার সময় বাড়ির মালিক বিষয়টি টের পান। এ সময় তিনি চোর চোর বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে সোহেলকে আটক করেন। পরে তাকে পাশের নন্দীপুর নতুন মসজিদ এলাকায় নিয়ে পিটুনি দেওয়া হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ করা হয়নি। তদন্ত চলছে।
আরটিভি/এমএইচজে


