
ডিসেম্বর ঘিরে পলাতক আসামি এবং অবৈধ অনুপ্রবেশ ও পারাপার ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে সন্দেহজনক গতিবিধি নজরদারিতে আনতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিসি ক্যামেরা, থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সীমান্তের নজরদারি বাড়ানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে ২০২১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় বিজিবি সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন ও দিক নির্দেশনা প্রদান শেষে সাংবাদিকদের এ কথা জানান ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ।
তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ কুমিল্লা সেক্টর কর্তৃক অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এ টহল জোরদার করা হয়েছে। যার ধারাবাহিকতায় কুমিল্লা সেক্টরে চারটি ব্যাটালিয়নের অধীন ৩২৭ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা নিয়ে দায়িত্ব পালন করছে। লক্ষ্য হচ্ছে যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং মামলার পলাতক আসামি অবৈধ প্রবেশ ও দেশ ত্যাগ করতে না পারে। সেজন্য প্রতিটি বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
তিনি বলেন, ডিসেম্বর পরিস্থিতিকে সামনে রেখে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে এই সেক্টরের অধিন ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলো চিহ্নিত করে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে পুশইন ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, চলতি বছরের নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল ও আটটি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। যার মূল্য ৪১০ কোটি ৩৭ লাখ টাকা। এসবের সাথে জড়িত ১৫৫ জন আসামিকে আটক করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তের যেকোনো সন্দেহজনক গতিবিধির বিষয়ে বিজিবির নিকটস্থ ক্যাম্পে দ্রুত জানানোর জন্য জনপ্রতিনিধি, জনগণকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া সীমান্তে টহল অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে



