
কুড়িগ্রামের উলিপুরে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল ‘অফিসার্স চয়েস’ বিদেশি মদসহ বাহাদুর রবিদাস ওরফে বাচ্চু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা এলাকায় তার বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বাহাদুর রবিদাস উত্তর বালাডোবা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে উলিপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বালাডোবা এলাকায় বাহাদুর রবিদাসের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার রান্নাঘর তল্লাশি করে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল ‘অফিসার্স চয়েস’ বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, কুড়িগ্রামে মাদক নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় উলিপুরে অভিযান চালিয়ে গাঁজা ও বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার বাহাদুর রবিদাসের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আরটিভি/এমএইচজে




