
অগ্রহায়ণের শুরুতেই কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা নওগাঁ। সকালের দিকে চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহন। হঠাৎ এই শীতের আমেজে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তীব্র কুয়াশা উপেক্ষা করেই জীবিকার তাগিদে ঘর ছেড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ মানুষ। তবে হঠাৎ এমন কুয়াশা ও শীতের আগমনে গরম কাপড় প্রস্তুত না থাকায় কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের।
বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা ও ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, অগ্রহায়ণের শুরুতে সকালের কুয়াশার এই দৃশ্য মূলত আগামী শীতের আগমনী বার্তা বহন করছে। সকালের দিকে কুয়াশার ঘনত্ব বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলবে এবং কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রোদ উঠলে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি।
সকালে কাজের সন্ধানে বের হওয়া দিনমজুর মুকুল বলেন, এখন দিন ছোট হয়ে এসেছে। তাই জীবিকার তাগিদে খুব সকালেই কাজের খোঁজে বের হতে হয়। তবে হঠাৎ শীত ও ঘন কুয়াশা চলে আসায় এবং আগাম প্রস্তুতি না থাকায় গরম কাপড় এখনও বের করা হয়নি। কুয়াশার মধ্যে ঠাণ্ডা বাতাসে কাজ করতে বেশ কষ্ট হচ্ছে।
নবান্নের শুরুতে এমন ঘন কুয়াশা দেখে আসন্ন শীত মৌসুমে শীতের তীব্রতা ও কুয়াশার প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় প্রবীণ ও কৃষিজীবী মানুষেরা। আবহাওয়া সংশ্লিষ্টদের মতে, কার্তিক পেরিয়ে অগ্রহায়ণের মাঝামাঝি সময়ে শীতের এই আমেজ আরও ঘনীভূত হতে পারে।
আরটিভি/এসএস




