
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার পর একটি বাড়িতে প্রকাশ্য দিবালোকে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে ১০টি হাতবোমা বা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকা থেকে এসব হাতবোমা উদ্ধার করা হয়। এছাড়া দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। অন্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মহারাজপুর নতুনপাড়া গ্রামের মৃত মনিমুল বিশ্বাসের ছেলে দুরুল হোদার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বাড়িতে থাকা ১ লাখ ৭৫ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার লুট করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এছাড়া বাড়ির দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহারাজপুর এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওদুদ মহরিল ও জালাল মেম্বারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। গত দুই মাসে কয়েক দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে শতাধিক ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জালাল মেম্বারের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জের ধরে বুধবার সকালে জালাল মেম্বারের সমর্থকরা দুরুল হোদার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
তবে দুরুল হোদার পরিবারের দাবি, উভয়পক্ষের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক থাকলেও জালাল মেম্বারের ওপর হামলার ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। শুধু জড়িত সন্দেহে তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরেই বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/এমএইচজে



