
কিশোরগঞ্জের ভৈরবে একটি চলন্ত যাত্রীবাহী বাস লক্ষ্য করে অগ্নিসংযোগের চেষ্টা এবং পরপর দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর এলাকায় ‘যাতায়াত’ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাসের সামনের কাচে আগুন ধরে গেলেও চালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বাসে যাত্রী কম থাকায় কেউ হতাহত হননি, তবে পুরো এলাকায় ও যাত্রীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাসের চালক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘যাতায়াত’ পরিবহনের বাসটি ভৈরবের দিকে যাচ্ছিল। বাসটি ভৈরবে প্রবেশের পর জগন্নাথপুর এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গাড়ির সামনের দিকে পরপর দুটি ককটেল ছুড়ে মারে। এতে বাসের সামনের গ্লাসে আগুন ধরে গেলে দ্রুত গাড়ি থামিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, দুটি মোটরসাইকেলে (একটি আর-ওয়ান-ফাইভ ও একটি ডিসকভার) করে ছয়জন দুর্বৃত্ত এই হামলা চালায়। ঘটনার কিছুক্ষণ আগেও তারা ওই সড়ক দিয়ে মহড়া দিয়েছিল। পরে আবার ফিরে এসে চলন্ত বাসটি লক্ষ্য করে বিকট শব্দে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
তিনি বলেন, হামলাকারীরা স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারী। আমরা দৌড়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে সামনের দিকে চলে যায়। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
তবে এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।
আরটিভি/এমএইচজে


