
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচলও স্বাভাবিক রয়েছে। কর্মসূচিকে ঘিরে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে লকডাউন উপেক্ষা করে ঢাকা-আরিচা মহাসড়কে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। শিবালয় এলাকায় বাস, সিএনজি, মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের স্বাভাবিক চলাচল অব্যাহত রয়েছে।
এদিকে, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সকাল থেকেই শিবালয়ের বিভিন্ন এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে লকডাউনের সমর্থনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সড়কে কোনো তৎপরতা দেখা যায়নি।
শিবালয় থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. মিনহাজ উদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আরটিভি/এসকে


