
মেহেরপুরের গাংনীতে রংমহল সীমান্ত দিয়ে ৪ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় ব্যর্থ হয়ে গেছে বিএসএফের সেই চেষ্টা। ওই ৪ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ঘটেছে এ ঘটনা।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে ৪ জন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির গোয়েন্দা তথ্য, সীমান্তে নিয়োজিত টহল দলের সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের এ প্রচেষ্টা শনাক্ত হয়। পরে বিজিবির সদস্যরা দৃঢ় অবস্থান নিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করেন।
পরবর্তী সময়ে বিজিবির অবস্থানের মুখে শুক্রবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই ৪ জনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা ১২ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম জোরদার রয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। পাশাপাশি এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।
আরটিভি/এসএইচএম



