
‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি—নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।’ কবি সুকান্ত ভট্টাচার্য রচিত তার ছাড়পত্র কবিতার এই পঙক্তিটি প্রতিটি মানুষের হৃদয়ে দাগ কাটে। আজ ২০১৮ সালেও কি আমরা শিশুদের জন্য বাসযোগ্য করে পৃথিবী গড়ে তুলতে পেরেছি?
কতজন আমরা সত্যিকারে রাস্তায় নেমে মানবতার পাশে এসে দাঁড়িয়েছি, শিশুদের মুখে হাসি ফুটিয়েছি? কিছু মানুষ আছে যারা নীরবে মানুষের পাশে, মানবতার পাশে, এসে দাঁড়ায়। কয়েকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মানুষের সেবামূলক সংগঠন ছিন্নমূল কল্যাণ ফাউন্ডেশন তেমনি একটি সংগঠন।
--------------------------------------------------------
আরও পড়ুন : নির্বাচনে পাশ করানোর আশ্বাসে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেপ্তার
--------------------------------------------------------
প্রতিটি ঈদ সবার জন্য বয়ে আনে অনাবিল আনন্দ। শপিং সেন্টারগুলোতে দেখা যায় উপচেপড়া ভিড়। নতুন পোশাক ছাড়া কি ঈদ হয়! শুধু তাই নয়, পোশাক কিনেই লুকিয়ে রাখার চেষ্টা। কেউ দেখলে পুরনো হয়ে যাবে। কিন্তু আমাদের চারপাশে এমন অনেক সুবিধাবঞ্চিত শিশু আছে যাদের ঈদ কাটে জরাজীর্ণ পোশাকেই। আমরা তাদের নিয়ে ভাবি না। সুবিধাবঞ্চিত কথা চিন্তা করে প্রতিবছর তাদের কাছে ঈদের উপহার পৌঁছে দেয় ছিন্নমূল কল্যাণ ফাউন্ডেশন।
এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। নিত্যদিন তারা বিভিন্ন স্থানে জামা কাপড় বিতরণ করছে। আজ শুক্রবার তারা কাপড় বিতরণ করেন তেজগাঁও বস্তিতে।
এসময় কথা হয় ব্র্যাক ইউনিভার্সিটির লেকচারার ড. আলমাসুর রহমান, ছিন্নমূল কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মেহেদি হাসান, সংগঠনটির প্রতিষ্ঠাতা সুমন হাসান ও ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে।
তারা বলেন, ছোট্ট ছোট্ট মুখ, কি নির্মল তাদের হাসি। ওদের মুখের সুন্দর এই হাসি, যাতে মুছে না যায়, অমলিন এই হাসির জন্য ঈদে আপনাদের সহযোগিতায় তাদের পাশে থাকতে চাই। অনেক বেশি কিছু না হোক, একটি নতুন জামা দিয়ে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের খুশিতে সামিল হতে চাই আমরা।
অলাভজনক সেবামূলক এ সংগঠনটি নিজ উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে পথশিশুদের সহায়তা করে আসছে।
এমসি/পি



