
ডাক্তারের ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগে মরদেহ নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ডক্টর’স ক্লিনিক ঘেরাও করেছে মৃতের স্বজনরা।
বৃহস্পতিবার রাত আটটার দিকে ক্লিনিক ঘেরাওয়ের ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
বুধবার রাতে ডক্টর’স ক্লিনিকে সদর উপজেলার বাগজান মুলজান গ্রামের রতন মিয়ার স্ত্রী মালা বেগমের(২৩) সিজার করার সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সাভারের এনাম ক্লিনিকে পাঠানো। সেখানে বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।
মালার ভাই জহিরুল ইসলাম বলেন, মালার প্রসব ব্যথা উঠলে প্রথমে তাকে শহরের জয়রা এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে নেয়া হয়। কিন্তু তার অবস্থা সুবিধাজনক নয় বলে এই ক্লিনিক কর্তৃপক্ষ তার সিজার করতে অসম্মতি জানায়।
তিনি বলেন, মালাকে ডক্টর’স ক্লিনিকে নেয়া হলে ১২ হাজার টাকার চুক্তিতে তার সিজার করতে রাজি হন ক্লিনিকটির মালিকদের একজন ডা. মুর্শিদা খাতুন। রাত সাড়ে দশটার দিকে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন মালা। কিন্তু তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।
মালার ভাই অভিযোগ করে বলেন, মুর্শিদা খাতুনের ভুল চিকিৎসার কারণেই আমার বোনের মৃত্যু হয়েছে।
এই ব্যাপারে ডা. মুর্শিদা বলেন, আমার কোনও ভুলে রোগীর মৃত্যু হয়নি। এমনিতেই প্রসূতির অবস্থা আশঙ্কাজনক ছিল। আমার ক্লিনিকে আমাকে দিয়ে জোরপূর্বক তার সিজার করানো হয়েছে।
কে/



