
মানিকগঞ্জের শিবালয়ে যমুনায় ইলিশ শিকার করতে গিয়ে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় গুরুত্বর আহত হয়েছেন আরও দু’জন।
গতকাল রোববার গভীর রাতে উপজেলার আলোকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ শিকারের সময় নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে শিকারীরা জাল ফেলে দ্রুত পালানোর সময় দু’টি নৌকার সংঘর্ষ ঘটে। দ্রুত গতির নৌকার ধাক্কায় ঘটনাস্থলেই বাহেজ শেখে (৫৫) মারা যান। নৌকায় থাকা অপর দু’মৎস্য শিকারি আইয়ুব আলী (৪৫) ও সাইদুল (৩৫) গুরুতর আহত হন। আহতদেরকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা সকলেই উপজেলার আলোকদিয়া চরাঞ্চলের বাসিন্দা। পুলিশ মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শিবালয় থানা ওসি খোন্দার ইমাম সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখ্য, এর আগেও ইলিশ শিকারের নিষেধাজ্ঞার সময় মাছ ধরতে গিয়ে এ অঞ্চলে এক জেলে প্রশাসনের ধাওয়ায় নদীতে পড়ে নিখোঁজ হন।
আরও পড়ুন :
এসএস



