
মেহেরপুরের গাংনীতে পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এসময় ১৭টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে এগারটার দিকে উপজেলার কল্যাণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মাঠ থেকে তাদেরকে আটক দেখানো হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতার জন্য কল্যাণপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়েছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে বিএনপি-জামায়াতের ২৩ জনকে আটক করা হয়। পরে সেখান থেকে উদ্ধার করা হয়েছে ১৭টি ককটেল বোমা, ৩টি ছুরি ও ৭টি লাঠি।
থানা সূত্রে জানা যায়, গাংনী থানার এসআই দেলোয়ার হোসেন তাদের নামে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামি হিসেবে আটককৃতদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এদিকে আটক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে গাংনী উপজেলা বিএনপি নেতারা। তারা বলেছেন, যাদের আটক করা হয়েছে তারা সবাই নিরীহ সমর্থক মাত্র।
এসএস



