
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন থেকে আকলিমা আক্তার নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় পুলিশ বাথরুমের দরজা ভেঙে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
আকলিমা আক্তার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পশ্চিম বিল কাকরাকান্দা গ্রামের জাহের আলীর মেয়ে।
আকলিমা প্রায় দুই বছর ধরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদা আক্তার শিরিনের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল। বুধবার বিকেলে সে বাথরুমে প্রবেশ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ওই চিকিৎসক দাবি করেছেন। খবর পেয়ে বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে কৃষ্ণচূড়া নামের চুতর্থতলা ভবনের দ্বিতীয়তলার বাথরুমের দরজা ভেঙে পুলিশ ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লা আল মাহফুজ আরটিভি অনলাইনকে জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে। আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আত্মহত্যার পেছনে কি কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
জেবি



