
চাঁদপুরে সদর উপজেলায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান বাড়ির পুকুরে ভাসছে নারীর মরদেহ, বাড়ির বিছানায় ওই নারীর দুই শিশুর মরদেহ আর বাড়ির আড়ায় ঝুলছে ওই নারীর স্বামীর মরদেহ।
আজ সোমবার সকালে দেবপুর গ্রামের বড়হুজুরের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন মাইনুদ্দীন (২৬), তার স্ত্রী ফাতেমা বেগম (২৪), তার দুই সন্তান মিথিলা (৫) ও সিয়াম (১)।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পারিবারিক কলহে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাঈনউদ্দিন তার স্ত্রী ও সন্তানদের হত্যার পর নিজে আত্মহত্যা করেছে।

রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-মামুন পাটোয়ারী জানান, মাঈন উদ্দিন চট্টগ্রামে একটি বেকারিতে কাজ করতো। দুই দিন আগে সে বাড়িতে আসে। রোববার তিনি ছেলেকে নিয়ে পারিবারিক কবরস্থান পরিষ্কার করে এবং তা ভিডিও করে তার প্রবাসী ভাইকে পাঠান। এছাড়া রাতে তার ফেসবুক আইডি থেকে তিনি স্ট্যাটাস দেন, আমি মরে যাবো। এর জন্য দায়ী থাকবে আমার শ্বশুর ও শাশুড়ি। ওই স্ট্যাটাস থেকে মাঈনউদ্দিনের প্রবাসী ভাই তার মাকে বিষয়টি জানান। পরে সকালে মাঈনউদ্দিন, তার স্ত্রী ও দুই সন্তানের মরদেহ পাওয়া যায়।
এসএস



