
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির বর্তমান সাংসদ শরিফুল ইসলাম জিন্নাহর গাড়ি বহরকে লক্ষ্য ককটেল হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জাতীয় পার্টির দুই কর্মী আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯টায় শিবগঞ্জ উপজেলার সদর থেকে ১২ কিলোমিটার দূরে আটমূল ইউনিয়নের ভাইয়ের পুকুর বন্দরে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, মোকামতলা ইউনিয়নের অনন্তপুর গ্রামের আজাহার আলীর ছেলে জাপা কর্মী দুলু মিয়া (২৫) ও একই ইউনিয়নের মুরাদপুর গ্রামের শামছুল মণ্ডলের ছেলে আলমঘরি হোসেন আলমগীর হোসেন (২৭)।
বগুড়া-২ আসনের মহাজোট প্রার্থী সাংসদ শরিফুল ইসলাম জিন্নাহ্ ওই হামলার পেছনে স্থানীয় বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টকে দায়ী করেছেন।
গাড়ি বহরে থাকা সাংসদ শরিফুলের শ্যালক ও রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু জানান, ভাইয়েরপুকুর এলাকায় বেশ কিছুদিন ধরেই মহাজোট প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ নির্বাচনী পোস্টারগুলো ছেড়া হচ্ছে। নেতাকর্মীদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে সোমবার রাতে প্রার্থী সেখানে যান। এসময় তার গাড়িবহরে অন্তত ৩৫টি মোটরসাইকেল ছিল।
তিনি বলেন, এলাকায় দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে ফেরার পথে আলিয়ারহাটমুখী রাস্তায় পৌঁছার পর পরই গাড়ি বহরের সামনে ৮-১০টি ককটেল নিক্ষেপ করা হয়। এতে কয়েকটি ককটেল বিস্ফোরিত হলেও ৩টি ককটেল অবিস্ফোরিত থেকে যায়। এ ঘটনায় দু’জন আহত হন।
মহাজোট প্রার্থী সাংসদ শরিফুল ইসলাম জিন্নাহ্ বলেন, বিএনপি তথা ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন :
এসএস



