
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে যৌনপল্লী থেকে মুক্তি পেয়েছেন এক পোশাক শ্রমিক কিশোরী। প্রতারণার শিকার হয়ে প্রায় তিন মাস আবদ্ধ থাকার পর অবশেষে এক খদ্দেরের পরামর্শে ৯৯৯ এ কল করেন তিনি। টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রতিমা রানীর নেতৃত্বে তাকে উদ্ধার করা হয়।
টাঙ্গাইল সদর থানার ওসি সাইদুর রহমান আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উদ্ধার হওয়া কিশোরীর বয়স ১৫ বছর। বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়।
কয়েক মাস আগে রাজধানীতে এসে তিনি ঢাকার গাবতলি এলাকায় একটি গার্মেন্টসে কাজ নেন।
কর্মস্থলে যাওয়া-আসার পথে তার সঙ্গে রুবেল নামের এক ছেলের পরিচয় হয় ও সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে রুবেল শাহনাজ নামের এক নারীর সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। দুজনে কিশোরীকে ভালো বেতনে চাকরি দেবার আশ্বাস দেয়।
একদিন রুবেল ও শাহনাজ কোল্ড ড্রিংকসের সঙ্গে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে কিশোরীকে খেতে দেয়। এতে সে অজ্ঞান হয়ে তিনদিন পার করে দেয়। জ্ঞান ফিরলে সে নিজেকে টাঙ্গাইল সদরের বেবিস্ট্যান্ড সংলগ্ন পতিতালয়ে নিজেকে আবিষ্কার করেন।
সাইদুর রহমান বলেন, উদ্ধার হওয়া কিশোরী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। স্বজনরা এসে পৌঁছলেই তাদের জিম্মায় দেয়া হবে। এছাড়া তাকে অপহরণ করে যৌনকর্মে বাধ্য করার প্রমাণ পাওয়া গেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিএ/জেবি



