
কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনে নৌকা মার্কার জন্য ইয়াবা ব্যবসায়ীদের ভোট দেয়ার দরকার নেই বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বর্তমান এমপি আবদুর রহমান বদি।
মঙ্গলবার টেকনাফ সীমান্তের হ্নীলা রঙ্গিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি।
বদি বলেন, সীমান্ত উপজেলা উখিয়া টেকনাফের সাধারণ লোকজনই নৌকা প্রতীকে ভোট দিবেন। নৌকা মার্কার জন্য ইয়াবা ব্যবসায়ীদের ভোটের দরকার নেই। এই ইয়াবা আমাকে ও আমার এলাকাবাসীকে শেষ করে দিয়েছে। আমরা আজ সীমাহীন বদনাম নিয়ে চলেছি। ইয়াবার কারণেই টেকনাফ সীমান্তের বাসিন্দা বললেই মানুষ মুখ ফিরিয়ে নেয়।
কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের এমপি বদি আরও বলেন, সীমান্তের ইয়াবা কারবারিদের এবার থেকে বয়কট করতে হবে। তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তিনি এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।
মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে ইয়াবা ব্যবসা নিয়ে আদুর রহমান বদির নামে অনেক অভিযোগ গণমাধ্যমে এসেছে। তবে তিনি বারবারই এ অভিযোগ অস্বীকার করেছেন।
আরএস/জেএইচ



