
সাতক্ষীরা ৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের স্ত্রী ও মেয়েকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা কারাগার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- গাজী নজরুল ইসলামের স্ত্রী মাকসুদা খানম ও তাদের মেয়ে শারমিন সুলতানা খুকু।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি) আলি আহমেদ হাসেমী আরটিভি অনলাইনকে জানান, গাজী নজরুলের স্ত্রী ও মেয়ে নির্বাচনী প্রচারের আড়ালে নাশকতার লক্ষ্যে লোকজন সংগঠিত করছিলেন। এ সময় তাদের আটক করা হয়।
এর আগে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় ৮টি থানায় অভিযান চালিয়ে পুলিশ আরও ৭৮ জনকে আটক করে।
উল্লেখ্য, সাতক্ষীরা ৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম কারাগারে আটক রয়েছেন। গাজী নজরুল ১৯৯১ সালে জামায়াতের এবং ২০০১ সালে বিএনপি-জামায়াত জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন।
আরও পড়ুন :
আরএস/জেএইচ



