
নির্দিষ্ট আসন ছাড়া দেশের সব জায়গায় জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থন দিচ্ছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আমু বলেন, আওয়ামী লীগ চেয়েছিল বিএনপি নির্বাচনে না আসলে জাতীয় পার্টির সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। কিন্তু বিএনপি নির্বাচনে অংশ নেয়ায় নির্দিষ্ট আসন ছাড়া সবগুলোতে জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থন দিচ্ছে। কারণ তারা মহাজোটের অংশীদার।
আজ মঙ্গলবার বিকেলে ঝালকাঠির পোস্ট অফিস সড়কে জাতীয় পার্টি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে সমর্থন জানিয়ে এ জনসভার আয়োজন করে জাতীয় পার্টি। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী এম এ কুদ্দুস খান শিল্পমন্ত্রীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে সমর্থন জানান।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বিএনপি-জামায়াত কোনও উন্নয়ন করেনি। তারা লুটপাট করেছে, তাই উন্নয়ন চাইলে আবারো শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। শেখ হাসিনা যে উন্নয়নের ধারা দেখিয়েছে, সারা বিশ্ব অবাক হয়ে তা তাকিয়ে দেখছে। বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে বিদেশিরা আখ্যায়িত করেছে।
ঝালকাঠি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের ক্রীড়া বিষয়ক উপদেষ্টা ও ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী এম এ কুদ্দুস খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও জাতীয় পার্টির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
আরএস/ জেএইচ



