
নড়াইলের পল্লীতে একটি হত্যা মামলার আসামি পক্ষের লোকজনের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের সময় পুলিশের হাতে আটক আহাদ খানকে ছিনতাই করতে পুলিশের ওপর হামলা করেছে একদল সন্ত্রাসী। হামলায় নড়াইল সদর থানার কনস্টেবল আশিক ও রাকিব মারাত্মক আহত হয়েছেন।
আহতদের নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া পুলিশের ব্যবহৃত পিকআপ ভ্যানেও ভাংচুর করেছে সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১১টার দিকে নড়াইল সদর থানার কামালপ্রতাপ গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানার কামালপ্রতাপ গ্রামে সম্প্রতি প্রতিপক্ষের হামলায় নিহত সাফিয়ার মোল্যা হত্যা মামলার বাদী পক্ষের লোকজন ইতিপূর্বে আসামি পক্ষের লোকজনের একাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় ওই এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার করা হয়।
বুধবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে সাফিয়ার মোল্যা হত্যা মামলার বাদী পক্ষের আমাদা গ্রামের মাসুম খান ও বাবুল খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী আসামি আফজাল জমাদ্দারের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করছিলো।
এ সময় ওই এলাকায় টহলে থাকা পুলিশ সদস্যরা সন্ত্রাসীদের ধাওয়া করে আহাদ খান নামের একজনকে আটক করে। তখন মাসুম খান ও বাবুল খানের নেতৃত্বে পুলিশের কাছে আটক আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করলে কনস্টেবল আশিক ও রাকিব মারাত্মক আহত হন। এ সময় পুলিশের ব্যবহৃত পিকআপ ভ্যানটিতে ভাংচুর চালায় সন্ত্রাসীরা।
নড়াইল সদর থানার ওসি (অপারেশন্স) শিমুল কুমার দাশ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এজে




