
পঞ্চগড় সদর উপজেলায় ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার পর ৪৬ শ্রমিককে ছাড়পত্র দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আজ শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ফুল, নগদ অর্থ ও ছাড়পত্র তুলে দেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ এপ্রিল ওই ৪৬ শ্রমিক চাঁদপুর থেকে বাড়ি ফিরলে তাদের জগদল ডিগ্রি কলেজের একটি ভবনে সম্পূর্ণ সরকারি খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। এ সময় তাদের প্রত্যেকের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে প্রেরণ করলে তাদের সকলের নমুনার রিপোর্ট নেগেটিভ আসে। একই সঙ্গে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনের সময় শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা প্রমুখ।
এজে




