
ঢাকার ধামরাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আনছার আলী (৬০) নামের এক চাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে নিজ বাড়িতেই করোনাভাইরাসে আক্রান্ত আনছার আলী মারা যান।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামের আনছার আলীর কয়েকদিন ধরে ঠাণ্ডা জ্বরে ভুগছিলেন। দু’দিন আগে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা আনছার আলী, তার মেয়ে ও মেয়ের জামাই স্বাস্থ্যকর্মী আব্দুল্লাহর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠান।
গতকাল শনিবার (৩০ মে ) রাতে আনছার আলী, তার মেয়ে ও মেয়ে জামাই স্বাস্থ্যকর্মী আব্দুল্লাহর করোনাভাইরাস নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বিষয়টি রাতেই ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা তাদের জানান। পরে ভোররাতে নিজ বাড়িতে মারা যান আনছার আলী।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, ধামরাই থেকে এখনো পর্যন্ত ৯৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ ১০৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। আর প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ০৩ জন।
এছাড়াও আনছার আলী একমাত্র প্রথম ব্যক্তি যিনি ধামরাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।
এজে




