
রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের চার তলায় ২টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণসহ চোরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ ডিসেম্বর) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চোর চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ।
ডিবি রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক জানান, কর্ণফুলী গার্ডেন সিটি থেকে বিপুল পরিমাণ স্বর্ণ চুরির ঘটনায় একাধিক ব্যক্তিকে চোরাই স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত ১৭ ডিসেম্বর রাতের কোনো এক সময় কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের চার তলায় মোহনা জুয়েলার্স ও জুয়েল অ্যাভিনিউ নামে দুটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। পাশের ভবন হয়ে মার্কেটের বাথরুমের এক্সট্রাকশন ফ্যান খুলে প্রবেশ করে দুটি দোকানের প্রায় সব অলংকারই লুট করা হয়েছে।
পরে এ ঘটনায় রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় সাড়ে ৫ কোটি টাকার স্বর্ণ লুট হয়েছে এবং অজ্ঞাতনামা চোরেরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন বাদী।
কেএফ/এসকে




