
রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন লেক রোডে সড়ক দুর্ঘটনায় হুমায়ুন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি মেট্রোরেলের প্রজেক্টে কাজ করতেন। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আলম বলেন, সন্ধ্যার পরে লেক রোডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন ওই ব্যক্তি। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের সঙ্গে থাকা একটি মোবাইল থেকে তার নাম জানা গেছে।
তিনি আরও বলেন, আশপাশের মানুষ গাড়িটি সম্পর্কে সঠিকভাবে বলতে পারেনি। কেউ বলছে সেটি একটি প্রাইভেটকার ছিল, আবার কেউ বলছেন অটোরিকশা। আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি। পাশাপাশি নিহতের বিস্তারিত পরিচয় জানারও চেষ্টা করা হচ্ছে।
কেএফ/এসকে




