
নন-আইটি খাতে কাজ করা ফ্রিল্যান্সারদের আয়ের ওপর ১০ শতাংশ কর দিতে হবে। তবে, যারা আইটি খাতে ফ্রিল্যান্সিং করেন, তারা এই করের আওতায় পড়বে না।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।
এর আগে, কর আদায় বিষয়ে নির্দেশনা চেয়ে গত ১২ সেপ্টেম্বর কর অঞ্চল-১১ এর কমিশনারের কার্যালয় থেকে কেন্দ্রীয় ব্যাংককে একটি চিঠি দেওয়া হয়।
কর কমিশনারের চিঠিতে বলা হয়েছে, আয়কর আইন-২০২৩ এর ১২৪ ধারা অনুযায়ী সেবা, রেভিনিউ শেয়ারিং ইত্যাদি বাবদ বিদেশ থেকে পাঠানো অর্থ কোনো ব্যক্তির হিসাবে পরিশোধ বা জমা দেওয়ার সময় ১০ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধান করা হয়েছে। কর বাবদ কেটে নেওয়া অর্থ ব্যাংক ঢাকার কর অঞ্চল-১১ এর অনুকূলে নিয়ম অনুযায়ী জমা দেবে।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা জানিয়েছেন, যারা আইটি খাতে ফ্রিল্যান্সিং করেন, তারা এই করের আওতায় পড়বে না।
তবে, বাংলাদেশে প্রদত্ত কোনো সেবার জন্য, কোনো নিবাসী ব্যক্তি কর্তৃক কোনো বিদেশি ব্যক্তিকে পরিষেবা প্রদান বা কোনো কাজের জন্য এবং বিজ্ঞাপন বা অন্য কোনো উদ্দেশ্যে কোনো অনলাইন প্লাটফর্ম ব্যবহারের অনুমতি প্রদানের জন্য এই কর প্রযোজ্য হবে।
(সংশোধনী: এর আগে প্রতিবেদনটিতে বলা হয়েছিল, ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ কর দিতে হবে। তবে, প্রকৃত তথ্য হচ্ছে— আইটি খাতে যারা ফ্রিল্যান্সিং করেন, তাদের আয় সম্পূর্ণ করমুক্ত থাকবে। তবে, নন-আইটি খাতের ফ্রিল্যান্সারদের দিতে হবে এই কর।)




