
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ফেসবুক লাইভে এসেছেন। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় তিনি লাইভে আসেন।
দীর্ঘ লাইভে রাসেল গ্রাহকদের আস্থা ফেরাতে চেষ্টা করেন। তিনি বলেন, যেসব গ্রাহক ও ব্যবসায়ী ইভ্যালির কাছে টাকা পান, আমি আপনাদের কষ্টটা ফিল করি। আমি মনে করি, ইভ্যালিকে যদি বিজনেস করতে দেওয়া হয়, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের সব দেনা পরিশোধ করব। আমি এটা আত্মবিশ্বাসের সঙ্গেই বলছি। সেটা কীভাবে সম্ভব হবে তার সব উত্তর আমি দেব।
এসময় তিনি নির্বাচনের দোহায় দিয়ে বলেন, জাতীয় নির্বাচনের পর একটি সংবাদ সম্মেলন করে গ্রাহক, ব্যবসায়ী ও মিডিয়ার সব প্রশ্নের উত্তর দেব।
ফেসবুক লাইভের শুরুতেই মোহাম্মাদ রাসেল বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আমরা এ দেনা পরিশোধ করা শুরু করব। সেই অ্যামাউন্টটা কত হবে তা পরে জানিয়ে দেওয়া হবে। প্রয়োজনে আমাকে গৃহবন্দি করুক। না হলে আমাকে অফিসে বন্দি করে রাখুক। প্রয়োজনে এখানেই খাব, এখানেই ঘুমাব। আমি বিদেশে কেন পালাব? প্রয়োজনেই দেশেই মারা যাব কিন্তু বিদেশে পালাব না। কখনোই ভাববেন না আমি পালিয়ে যাব। আপনারা সব বলেন কিন্তু কেউ কোনো ট্যাগ লাইন দিয়েন না যে আমি দেশ ছেড়ে পালাব। আমি কোর্টে আমার পাসপোর্ট জমা দিয়ে এসেছি; আমার দেশ ছেড়ে পালানোর কখনোই চিন্তা ছিল না।
উল্লেখ্য, ব্যাংকের চাকরি ছেড়ে ২০১৮ সালে ইভ্যালি প্রতিষ্ঠা করেন মো. রাসেল। মাত্র দুই বছরে ইভ্যালির ঋণের বোঝা বেড়ে যায়। একপর্যায় ২০২১ সালের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার করা হয় রাসেলকে। এর মধ্যে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন রাসেল ও তার প্রতিষ্ঠান। সবশেষ গত ১৮ ডিসেম্বর জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে তার স্ত্রী ও ইভ্যালির চেয়ারম্যান অনেক আগেই মুক্তি পেয়েছেন।




