
এনআরবি কমার্শিয়াল ব্যাংকে কিছু অনিয়ম হয়েছে বলে স্বীকার করেছেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান তমাল এস এম পারভেজ। তিনি বলেন, এনআরবি কমার্শিয়াল ব্যাংক নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। আমরা এখন এসব প্রশ্নের সুরাহা করার চেষ্টা করবো।
সোমবার ব্যাংকটির নতুন চেয়ারম্যানসহ পর্ষদের পাঁচ সদস্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তমাল এস এম পারভেজ বলেন, বাংলাদেশ ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংক নিয়ে যে সমস্যা ধরেছে, তা আমাদের নজরে আসেনি। পর্ষদ সদস্য হয়েও আমরা তা জানতে পারিনি। এখন জেনে বিষয়গুলোর সমাধান করা হবে।
গতকাল রোববার ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক জরুরি পর্ষদ সভায় ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পরিবর্তন আনা হয়। এ ছাড়া ব্যাংকটির সব কমিটির চেয়ারম্যানও পদত্যাগ করেছেন। ওই সভায় পদত্যাগ করা পর্ষদ ও নতুন পর্ষদের বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ফরাছত আলীকে সরিয়ে নতুন দায়িত্ব পান তমাল এস এম পারভেজ। ভাইস চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মনজুরুল ইসলাম, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান নুরুন নবী ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সৈয়দ মুনসেফ আলীকেও সরিয়ে দেওয়া হয়। এমডি দেওয়ান মুজিবুর রহমানকে তিন মাসের ছুটিতে পাঠানো হয়। এ পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমডি কাজী মো. তালহাকে।
এসআর




