
বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঋণ বিতরণের দায়ে এবার ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার তাকে অপসারণ করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারায় আইন লঙ্ঘন ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ায় বাংলাদেশ ব্যাংক এ অপসারণের আদেশ দিয়েছে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের অব্যাহত চাপের মুখে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মহিউদ্দীন খান আলমগীর পদত্যাগ করেন।
আইন অনুযায়ী, এ কে এম শামীম আগামী তিন বছরের জন্য ফারমার্স ব্যাংক বা অন্য কোনো ব্যাংকের ব্যবস্থাপনায় থাকতে পারবেন না।
জানা গেছে, অনিয়ম করে দেয়া ঋণ ফেরত না আসায় ব্যাংকটি ব্যাপক তারল্য সংকটে পড়েছে।
গত ২৬ নভেম্বর এ কে এম শামীমকে এমডির পদ থেকে কেন অপসারণ করা হবে না- জানতে চেয়ে নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক।
তবে নোটিশের সন্তোষজনক জবাব দিতে না পারায় গত ১৩ ডিসেম্বর তাকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানের নেতৃত্বে এমডিদের অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় ব্যাংকের স্থায়ী কমিটির মুখোমুখি করা হয়।
কমিটি সন্তোষজনক জবাব না পেয়ে তাকে অপসারণের বিষয়ে গভর্নরের কাছে সুপারিশ করে। সুপারিশের পরিপ্রেক্ষিতে গভর্নর তাতে সায় দিয়েছেন।
এসআর/এ




