
১৯৭২ সালের লোগোতে ফিরে গিয়ে নতুন রূপে হাজির হয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক।
আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্যাংকটির পরিবর্তিত লোগো উম্মোচন করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতাউর রহমান প্রধান এই লোগো উম্মোচন করেন।
ব্যাংকের পক্ষে থেকে জানানো হয়, ১৯৭২ সালে প্রতিষ্ঠালগ্নে রূপালী ব্যাংকের জন্য বটগাছ সম্বলিত একটি লোগো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্ধারণ করে দেন। যা ১৯৭৭ সাল পর্যন্ত অপরিবর্তিত ছিল।
সময়ের বিবর্তনে ও নানাবিধ প্রেক্ষাপটে ১৯৭৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বেশ কয়েকবার লোগোর ধরন, আকৃতি, রঙ ও অবয়বের পরিবর্তন করা হয়। যেখানে ১৯৭২ সালের নির্ধারিত লোগোর মৌলিকত্ব অনেকাংশেই বিকৃতি ও বিচ্যুত হয়।
সর্বশেষ ২০০৯ সালে পরিচালনা পর্ষদের নির্দেশনার প্রেক্ষিতে রূপালী ব্যাংকের লোগো ও ব্রান্ডিং কালারের চূড়ান্ত রূপ লাভ করলেও ১৯৭২ সালের প্রাথমিক লোগোটি তার মৌলিকত্ব ফিরে পায়নি।
২০১৭ সাল পর্যন্ত বিদ্যমান ব্যাংকের লোগোটি নানাবিধ পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে ব্যাংকের পরিচালনা পর্ষদ চলমান লোগোটির বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি দূর করে ১৯৭২ সালের মৌলিকরূপে প্রবর্তনের সিদ্ধান্ত নেন।
তারই প্রেক্ষিতে পরবর্তীতে পরিচালনা পর্ষদের সবার সম্মতিতে রূপালী ব্যাংকের লোগো, ব্রান্ডিং কালার ও লেখার ফ্রন্ট চূড়ান্ত করা হয়।
মো. আতাউর রহমান প্রধান বলেন, আগের বছরের ১০০ কোটি টাকার লোকসান কাটিয়ে গত বছর আমরা ৫৩৭ কোটি টাকা লাভ করেছি। আমরা ঘুরে দাঁড়িয়েছি।
লোগোর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, বটগাছ হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রতীক। আগের দিনে গ্রামের বাজার বসতো বটগাছের নিচে।
ব্যাংকের শাখার সংখ্যা বিবেচনায় নিলে অন্যসব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ে রূপালী ব্যাংক বেশি সফল বলে মন্তব্য করেন তিনি।
এসআর




