
ফেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করলো বিশ্বের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড হাইসেন্স।
গত সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীল দ্য ওয়েস্টিন হোটেলে একটি জমকালো পার্টনার মিটে এই পার্টনারশিপের উদ্বোধন ঘোষণা করা হয়। এই পার্টনারশিপের আওতায় বৈশ্বিক মান বজায় রেখে হাইসেন্সের পণ্য এখন নরসিংদীর শিবপুরে অবস্থিত ফেয়ার ইলেকট্রনিক্সের অত্যাধুনিক কারখানায় তৈরি হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশিরউদ্দীন এবং সম্মানিত অতিথি হিসেবে হাইসেন্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মিস ক্যাথরিন ফ্যাং।
সারাদেশ থেকে আগত তিন শতাধিক পার্টনার, কর্পোরেট অতিথি, ব্যাংক ফিনান্স পার্টনারদের উপস্থিতিতে বাংলাদেশে হাইসেন্সের উদ্বোধন ঘোষণা করে সেখ বশিরউদ্দীন বলেন, আজকের এই অংশীদারিত্বের সূচনা লগ্নে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আর এই পার্টনারশিপকে সফল করার জন্য ফেয়ার গ্রুপ যে বিস্ময়কর কারখানা তৈরি করেছে তা দেখে অত্যন্ত গর্ব বোধ করছি। আমি মিস ফ্যাংকে আশ্বস্ত করছি যে এটি বিনিয়োগের দেশ। আমরা এই দেশটিকে ব্যবসার একটি গ্লোবাল হাব করার জন্য সম্ভাব্য সব কিছু আমরা করব। আমরা এই দেশের ভৌগলিক সুবিধা নিতে হাইসেন্সকে আমন্ত্রণ জানাই।
মিস ক্যাথরিন ফ্যাং হাইসেন্সের গ্লোবাল ভিশন এবং বাংলাদেশের বাজারে বিশ্বমানের প্রযুক্তি ও ভ্যালুর প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, আমরা স্থানীয় বাজার চাহিদার প্রতি ফোকাস করতে চাই। আমরা যখন বৈশ্বিক বাজারে প্রবেশ করছি, তখন আমাদের বিশ্বায়নের কৌশলকেই কাজে লাগাতে হবে। একই সময়ে, ভোক্তাদের চাহিদা মেটাতে স্থানীয়ভাবে কাজ করার প্রতিও ফোকাস থাকতে হবে। জনসংখ্যা বিবেচনায় বাংলাদেশ একটি বড় সম্ভাবনাময় বাজার এবং হাইসেন্স বিদেশী ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বছর থেকে ফেয়ার ইলেকট্রনিক্সের সাথে পার্টনারশিপে, হাইসেন্স ফুল রেঞ্জের কঞ্জুমার ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সের স্থানীয় উত্পাদন এবং বিক্রয় শুরু করেছে। আমরা দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছি।
বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন; তথ্য ও যোগাযোগ বিভাগ, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম।




