
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসসিসিআই)। এক শোকবার্তায় সংগঠনটি তাকে বাংলাদেশের রাজনীতির একজন অগ্রদূত এবং প্রভাবশালী নেত্রী হিসেবে অভিহিত করেছে। তার প্রয়াণে বাংলাদেশ একজন বিশিষ্ট রাষ্ট্রনায়ককে হারাল বলে মনে করে সার্কভুক্ত দেশগুলোর এই শীর্ষ বাণিজ্যিক সংগঠন।
সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন তার বার্তায় বলেন, বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে অসাধারণ নেতৃত্ব ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন। গণতান্ত্রিক অগ্রগতির প্রতি তার গভীর নিষ্ঠা বাংলাদেশের রাজনৈতিক কাঠামো গঠনে অনন্য ভূমিকা রেখেছে, যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জনস্বার্থে তাঁর নিরলস পরিশ্রম ও সুযোগ্য নেতৃত্ব অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শোকবার্তায় সার্ক চেম্বার মরহুমার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছে। সংগঠনটির পক্ষ থেকে খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার, অন্তর্বর্তী সরকার এবং তার আদর্শে অনুপ্রাণিত সাধারণ মানুষের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এসসিসিআই প্রার্থনা করেছে যেন এই কঠিন সময়ে তার স্বজন ও অনুসারীরা ধৈর্য ধারণ করার শক্তি পান।

দীর্ঘদিন বিএনপির হাল ধরা এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেত্রীর মৃত্যুতে শুধু রাজনৈতিক নয়, বাণিজ্যিক ও আন্তর্জাতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে। সার্ক চেম্বারের মতে, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা ও বাংলাদেশের উন্নয়নে তার অবদানের কথা ব্যবসায়িক সমাজ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রিয় নেত্রীকে হারানোর এই বেদনাদায়ক মুহূর্তে সংগঠনটি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছে।
আরটিভি/এআর




