আধুনিক ও নিরাপদ সফটওয়্যার ‘সিএফএস’-এর মাধ্যমে ন্যাশনাল ফাইন্যান্স গ্রাহকের কাছে আরও বিশ্বাসযোগ্য লিজিং প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবে বলে আশা করেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও শীর্ষ কর্মকর্তারা। নতুন সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকদের ঋণ দেওয়া আরও সহজ হবে বলেও জানান তারা।
সোমবার (৩ আগস্ট) রাজধানীতে লিজিং কোম্পানি ন্যাশনাল ফাইন্যান্স পিএলসির আধুনিক ও নিরাপদ সফটওয়্যার কোর বিজনেস সলিওশন সিএফএস এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল ফাইন্যান্স পিএলসির ভাইস চেয়ারম্যান রিজওয়ান মান্নান বলেন, ডিজিটাল ট্রান্সপোর্টের কোনো বিকল্প নেই। এটি এখন আর কোনো বিকল্প নয়, বরং সময়ের অপরিহার্য প্রয়োজন।
তিনি আরও বলেন, আমরা দ্রুত পরিবর্তনশীল ও ক্রমবিকাশমান একটি বিশ্বের অংশ। তাই ন্যাশনাল ফাইন্যান্সের আরও আধুনিক, দক্ষ এবং গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে নিজেকে গড়ে তোলার যে অঙ্গীকার, আমি মনে করি সেটি আমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ন্যাশনাল ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান কাজী আহসান খলিল বলেন, আমরা আশা করি, যে লক্ষ্য ও দূরদর্শী চিন্তাভাবনা নিয়ে এই উদ্যোগের সূচনা হয়েছে, আপনারা তা সফলভাবে বাস্তবায়ন করবেন। তবে এই উদ্যোগকে সত্যিকার অর্থে অর্থবহ ও সফল করে তুলতে আমাদের সবার সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো ন্যাশনাল ফাইন্যান্সের সেবাগুলো গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং নিশ্চিত করা যে তারা যেন সর্বোচ্চ মানের সেবা ও এর পূর্ণ সুফল উপভোগ করতে পারেন। এই লক্ষ্য অর্জনে গ্রাহকদের প্রয়োজনীয় সব সুবিধা ও সেবার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই হবে আমাদের সবার অঙ্গীকার।
প্রান্তিক পর্যায়ে ঋণ প্রদানের মাধ্যমে ন্যাশনাল ফাইন্যান্স গ্রাহকের কাছে আরও বিশ্বস্ত প্রতিষ্ঠান হবে বলে আশা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইরতেজা আহমেদ খান।
তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে একজন আমানতকারী কিংবা ঋণগ্রহীতা সম্পূর্ণ স্বচ্ছতা ও আস্থার সঙ্গে তার সব ধরনের আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন—এটাই আমাদের প্রধান অঙ্গীকার।
ন্যাশনাল ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমরা নিশ্চিত করতে চাই, প্রতিটি গ্রাহকের নিরাপত্তা, স্বার্থ সংরক্ষণ এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিশ্চিত হবে। একইসঙ্গে তারা যেন নিরবচ্ছিন্ন, নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা পান, সে বিষয়েও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো এমন একটি গ্রাহককেন্দ্রিক সেবাব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রতিটি গ্রাহক আস্থা, স্বচ্ছতা এবং সর্বোচ্চ সেবার অভিজ্ঞতা লাভ করবেন।
অনুষ্ঠানে ইরাইনফুটকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মাবুদসহ ন্যাশনাল ফাইন্যান্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরটিভি/জেএমএ




