ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০২:৩১ পিএম
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছবি: সংগৃহীত

চোরাচালান ও আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে আটক ও বাজেয়াপ্ত পণ্য নিষ্পত্তির ক্ষেত্রে নতুন স্থায়ী আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন আদেশে নিলামের পাশাপাশি নির্দিষ্ট শ্রেণির পণ্য সরকারি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট সংস্থার কাছে বিক্রি, হস্তান্তর এবং প্রয়োজন অনুযায়ী ধ্বংসের বিস্তারিত পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। সাধারণভাবে নিলামযোগ্য পণ্য বিক্রিতে বোর্ডের প্রবর্তিত ই-নিলাম বা লাইভ ই-অকশন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) এনবিআরের কাস্টমস শাখা থেকে ‘অখালাসকৃত বা চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্তকৃত পণ্যের নিষ্পত্তি পদ্ধতি সংক্রান্ত স্থায়ী আদেশ, ২০২৬’ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব।

নতুন আদেশের মাধ্যমে ২০২৫ সালের ২ জুলাই জারি করা এ-সংক্রান্ত আগের স্থায়ী আদেশ বাতিল করা হয়েছে।

কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ৯৪-এর সঙ্গে পঠিতব্য ধারা ২৩৭ ও ২৬৬-এ প্রদত্ত ক্ষমতাবলে নতুন আদেশটি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, পচনশীল পণ্যের দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে ২০২২ সালে জারি করা সংশ্লিষ্ট এসআরও এবং ২০২৪ সালের সংশোধিত এসআরও কার্যকর থাকবে।

নতুন আদেশ অনুযায়ী, কাস্টমস, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কোস্টগার্ড ও আনসারসহ সংশ্লিষ্ট আটককারী কর্তৃপক্ষকে আটক করা পণ্য নিকটস্থ কাস্টমস গুদামে জমা দিতে হবে।

মূল্যবান ধাতু, হীরা, জুয়েলারি ও বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে স্বীকৃত যাচাইকারী প্রতিষ্ঠানের সনদ দেওয়ার বিধান রয়েছে। সনদ পাওয়া না গেলে এসব মূল্যবান পণ্য সাময়িকভাবে বাংলাদেশ ব্যাংকে জমা রাখার সুযোগ রাখা হয়েছে।

সাধারণ পণ্য কাস্টমস গুদামে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং মূল্যবান ধাতু ও বৈদেশিক মুদ্রা সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রহণ করা হবে।

পচনশীল পণ্য অফিস সময়ের পরও গ্রহণ করা যাবে। পণ্য জমা দেওয়ার সময় আটককারী কর্তৃপক্ষকে তিন প্রস্থ আটক প্রতিবেদন দিতে হবে। গুদাম কর্মকর্তা পণ্যের মডেল, ব্র্যান্ড, পরিমাণ, মূল্যসহ প্রয়োজনীয় তথ্য গুদাম রেজিস্টারে লিপিবদ্ধ করবেন।

মূল্যবান ধাতু ও বৈদেশিক মুদ্রা গুদামে গ্রহণের পর জরুরি ভিত্তিতে পুলিশ প্রহরায় নিকটস্থ বাংলাদেশ ব্যাংক বা ট্রেজারি ব্যাংকে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। কোনো বিচারিক প্রক্রিয়া দুই মাসের মধ্যে শেষ না হলে এসব পণ্য বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। অন্যান্য পণ্য গুদামের আয়তন ও শ্রেণি অনুযায়ী এমনভাবে সংরক্ষণ করতে হবে, যাতে সহজে শনাক্ত ও পরিদর্শন করা যায়।

আটক পণ্য নিষ্পত্তির আগে আমদানিকারক, রপ্তানিকারক, এজেন্ট বা দাবিদারকে দাবি প্রতিষ্ঠার সুযোগ দিতে সাত কর্মদিবসের নোটিশ দিতে হবে। ডাক, কুরিয়ার, ই-মেইল, পত্রিকায় বিজ্ঞপ্তি, ডিজিটাল যোগাযোগ বা নোটিশ বোর্ডের মাধ্যমে এ নোটিশ দেওয়া যাবে।

কুরিয়ার পণ্যের মালিকের ঠিকানা না পাওয়া গেলে সংশ্লিষ্ট কাস্টমস হাউস, এলসি স্টেশন বা বিভাগীয় দপ্তরের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দিতে হবে।

নির্ধারিত সাত দিনের মধ্যে দাবিদার তার দাবি প্রমাণ করতে পারলে এবং প্রযোজ্য শুল্ক-কর ও জরিমানা পরিশোধ করলে পণ্য খালাসের সুযোগ থাকবে। অন্যদিকে দাবিদার না পাওয়া গেলে বা দাবি প্রমাণিত না হলে আইন অনুযায়ী পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে পরবর্তী নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।

নতুন আদেশে নিলাম কমিটি গঠনের বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কমিশনার অ্যাডিশনাল কমিশনার বা জয়েন্ট কমিশনারকে আহ্বায়ক করে এক বা একাধিক নিলাম কমিটি গঠন করবেন।

নিলাম সংশ্লিষ্ট কর্মকর্তা, গুদাম কর্মকর্তা এবং প্রয়োজনীয় অন্যান্য কাস্টমস কর্মকর্তারা কমিটির সদস্য থাকবেন। প্রয়োজনে অন্যান্য সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকেও কো-অপ্ট করা যাবে।

নিলামের ক্ষেত্রে বোর্ডের প্রবর্তিত লাইভ ই-অকশন বা ই-নিলাম ব্যবস্থাকে প্রধান পদ্ধতি হিসেবে রাখা হয়েছে। তবে ই-নিলাম সম্ভব না হলে প্রকাশ্য, তাৎক্ষণিক বা সিল্ড নিলামের মাধ্যমে পণ্য বিক্রি করা যাবে।

নিলামের আগে কিছু পণ্য নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থার কাছে নিলাম ছাড়াই বিক্রি বা হস্তান্তর করা যাবে। যেমন- পরিশিষ্ট ৪-এ উল্লেখিত বিভিন্ন পণ্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) কাছে সংরক্ষিত মূল্যের ন্যূনতম ৬০ শতাংশ দামে বিক্রি করা যাবে।

চিনি, লবণ, ডাল, সয়াবিন তেলসহ পচনশীল পণ্য টিসিবি কিনতে আগ্রহী হলে বোর্ড নির্ধারিত মূল্যে বিক্রি করা যাবে। স্বর্ণ, রৌপ্য, প্লাটিনাম, হীরা, জুয়েলারি ও বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার বিধান রয়েছে। বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে প্রতিরক্ষা বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা যাবে।

এছাড়া মদ ও মদ্যজাতীয় পানীয় এবং বিদেশি সিগারেট বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কাছে বিক্রির বিধান রয়েছে। প্রত্নসম্পদ জাতীয় বা আঞ্চলিক জাদুঘর কিংবা সরকারি দপ্তরে হস্তান্তর করা যাবে। প্রাণী বা প্রাণীর দেহাবশেষ বন বিভাগ বা সংশ্লিষ্ট দপ্তরের কাছে বিনামূল্যে দেওয়া যাবে।

ওষুধের কাঁচামাল ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড বা রাষ্ট্রীয় মালিকানাধীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা যাবে।

নিলামের মাধ্যমে বিক্রি করা সম্ভব নয় এমন নিয়ন্ত্রিত, নিষিদ্ধ, গুণগতমান নষ্ট বা ধ্বংসযোগ্য পণ্য বিশেষায়িত সংস্থার কাছে বিনামূল্যে হস্তান্তর করে ধ্বংস বা নিষ্ক্রিয় করার সুযোগও রাখা হয়েছে। নিলামের পরও বিক্রি হয়নি এমন পণ্য সরকারি প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে তাদের প্রস্তাবিত মূল্যে বিক্রি বা হস্তান্তর করা যাবে।

নিলামযোগ্য পণ্যের ক্ষেত্রে দরদাতার যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানকে হালনাগাদ ট্রেড লাইসেন্স, মূসক নিবন্ধন, টিআইএন সনদ এবং হালনাগাদ আয়কর রিটার্ন দাখিলের প্রত্যয়নপত্র থাকতে হবে।

ব্যক্তিশ্রেণির দরদাতার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, টিআইএন সনদ এবং আয়কর রিটার্ন দাখিলের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।

নিলামে অংশ নিতে প্রতিটি লটের সংরক্ষিত মূল্যের ৫ শতাংশ হারে ফেরতযোগ্য জামানত দিতে হবে। ই-নিলামের ক্ষেত্রে ই-পেমেন্টের মাধ্যমে এবং ই-নিলাম ছাড়া অন্য পদ্ধতিতে পে-অর্ডার, ই-পেমেন্ট বা যাচাইযোগ্য নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টের মাধ্যমে জামানত জমা দেওয়া যাবে।

নিলামের প্রচারেও নতুন নিয়ম করা হয়েছে। নিলাম অনুষ্ঠানের কমপক্ষে সাত কর্মদিবস আগে একটি জাতীয় ও একটি স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

আরও পড়ুন

পাশাপাশি এনবিআর ও সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি দিতে হবে। নিলামের আগে আগ্রহী ক্রেতাদের পণ্য পরিদর্শনের সুযোগ দিতে হবে এবং নিলামের দুই দিন আগে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে।

প্রচলিত পদ্ধতিতে নিলামের ক্ষেত্রে প্রথম নিলামে সংরক্ষিত মূল্যের কমপক্ষে ৬০ শতাংশ দর পাওয়া গেলে সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রির সুপারিশ করা হবে। এ দরে বিক্রি না হলে দ্বিতীয় ও তৃতীয় নিলামের ব্যবস্থা করা হবে।

তিন দফা নিলামেও বিক্রি সম্ভব না হলে মেগালট তৈরির মাধ্যমে পরবর্তী নিলামে তোলার সুপারিশ করা যাবে।

ই-নিলামের ক্ষেত্রে প্রথম নিলামকেই চূড়ান্ত হিসেবে গণ্য করার বিধান রাখা হয়েছে। সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে দরদাতাদের তুলনামূলক তালিকা তৈরি করবে। নিলাম কমিটি সর্বোচ্চ গ্রহণযোগ্য দরদাতা নির্ধারণ করে কমিশনারের কাছে অনুমোদনের জন্য সুপারিশ করবে।

নিলাম কমিটির সুপারিশ পাওয়ার পর তিন কর্মদিবসের মধ্যে কমিশনারকে তা অনুমোদন অথবা যুক্তিসংগত কারণ উল্লেখ করে আইনানুগ সিদ্ধান্ত দিতে হবে। অনুমোদনের তিন কর্মদিবসের মধ্যে বিজয়ী দরদাতার অনুকূলে বিক্রয়াদেশ দেওয়ার কথা বলা হয়েছে।

বিক্রয়াদেশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে দরমূল্য ও প্রযোজ্য উৎসে আয়কর ও মূসক পরিশোধ করতে হবে। অর্থ পরিশোধের পর তিন কর্মদিবসের মধ্যে ডেলিভারি অর্ডার দেওয়ার বিধান রয়েছে। ডেলিভারি অর্ডার পাওয়ার পর তিন কর্মদিবসের মধ্যে পণ্য খালাস নিতে হবে।

নির্ধারিত বা বর্ধিত সময়েও পণ্য গ্রহণ না করলে বিক্রয় অনুমোদন বাতিল করে বিজয়ীর জামানত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে এবং পণ্য পুনরায় নিলামে তোলা হবে।

নিলামে প্রাপ্ত অর্থও নির্দিষ্ট ক্রমানুসারে বণ্টন করা হবে। প্রথমে নিলামকারী কমিশনসহ বিক্রয়-সংক্রান্ত ব্যয়, এরপর পণ্যের ফ্রেইট ও অন্যান্য চার্জ, তারপর সরকারের প্রাপ্য কাস্টমস শুল্ক, কর ও অন্যান্য পাওনা এবং সবশেষে হেফাজতকারী বা জিম্মাদারের পাওনা চার্জ পরিশোধ করা হবে। সব পাওনা পরিশোধের পর অর্থ অবশিষ্ট থাকলে পণ্যের মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে তা দেওয়ার বিধান রয়েছে।

নিলাম কার্যক্রমে প্রকাশ্য বাধা, মিথ্যা তথ্য, জাল দলিল দাখিল, নির্ধারিত সময়ে জামানত না দেওয়া বা অন্য অংশগ্রহণকারীকে ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে। পাশাপাশি প্রযোজ্য আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।

ধ্বংসযোগ্য পণ্যের ক্ষেত্রেও নতুন আদেশে বিস্তারিত বিধান রাখা হয়েছে। মদ ও মদ্যজাতীয় পানীয় ও বিদেশি সিগারেট নির্ধারিত প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা সম্ভব না হলে ধ্বংস করা যাবে। আমদানি-রপ্তানি নীতি বা অন্যান্য আইনে নিষিদ্ধ পণ্য এবং মেয়াদোত্তীর্ণ পণ্যও ধ্বংসের আওতায় থাকবে।

পণ্য ধ্বংসের জন্য কাস্টমস, জেলা প্রশাসন, পুলিশ, বন্দর কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন, বাংলাদেশ বিমান, বিজিবি বা কোস্টগার্ড, পরিবেশ অধিদপ্তর এবং প্রয়োজন অনুযায়ী ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে ধ্বংস কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যের উপস্থিতিতে ধ্বংস কার্যক্রম সম্পন্ন করা যাবে।

ধ্বংসের আগে পণ্যের বিস্তারিত ইনভেন্টরি প্রস্তুত করতে হবে। এতে পণ্যের বিবরণ, পরিমাণ, ব্র্যান্ড, মডেল, আর্ট নম্বর, পার্ট নম্বর, তৈরির সাল, তৈরির দেশ ও প্রযোজ্য ক্ষেত্রে মূল্য উল্লেখ করতে হবে। ধ্বংসের স্থান ও সময় নির্ধারণের পর কমিটির সদস্যদের কমপক্ষে পাঁচ কর্মদিবস আগে অবহিত করতে হবে। ধ্বংস শেষে কমিটির উপস্থিত সদস্যরা তালিকায় প্রতিস্বাক্ষর করবেন এবং সংশ্লিষ্ট কমিশনারের কাছে প্রতিবেদন দাখিল করবেন।

নতুন আদেশে আরও বলা হয়েছে, নিলাম ও ধ্বংস কার্যক্রমের প্রতিবেদন নিয়মিতভাবে প্রস্তুত করে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে এনবিআরের নিলাম শাখায় পাঠাতে হবে। আদেশের কোনো বিধানের সঙ্গে বিদ্যমান আইন বা বিধির অসামঞ্জস্য দেখা দিলে সংশ্লিষ্ট আইন বা বিধির বিধানই প্রাধান্য পাবে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন স্থায়ী আদেশের পরিশিষ্ট-৪-এ খাদ্যপণ্য, মসলা, ভোজ্যতেল, রাসায়নিক, কসমেটিকস, প্লাস্টিক, চামড়া, কাঠ, কাগজ, পোশাক, জুতা, টাইলস, ধাতু, যন্ত্রপাতি, ইলেকট্রনিকস, মোবাইল, যানবাহন, মেডিকেল সরঞ্জাম, ফার্নিচারসহ মোট ৫৩ ধরনের পণ্যের তালিকাও দেওয়া হয়েছে, যেগুলো নির্ধারিত শর্তে বিএমটিএফের কাছে বিক্রির আওতায় পড়তে পারে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ।
ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার
নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে পাকিস্তানের টিসিপির সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে টিসিবি
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে পাকিস্তান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে টিসিবি ও পাকিস্তানের রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক সই হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উপস্থিত থাকার কথা রয়েছে।  এ ছাড়াও সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দারের সই করার কথা রয়েছে। এ বিষয়ে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, এই এমওইউ মূলত দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে করা হচ্ছে। এই এমওইউর অধীনে দুই দেশ কৃষিপণ্য ও কৃষি যন্ত্রপাতি আমদানি-রপ্তানি করবে। তবে এই আমদানি-রপ্তানি অবশ্যই প্রতিযোগিতামূলক মূল্যে হবে। টিসিবির চেয়ারম্যান জানান, পাকিস্তান তেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ ও সার রপ্তানির বিষয়ে আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে সূর্যমুখী তেল, রাইস ব্র্যান অয়েল, আম, আনারস, কাঁঠাল, আলু ও চা রপ্তানির পরিকল্পনা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে মসুর ডাল, ছোলা ও খেজুর আমদানির বিষয়টি প্রাথমিকভাবে বিবেচনায় রয়েছে। তবে কী পরিমাণ পণ্য আমদানি করা হবে, কী দামে কেনা হবে এবং সরবরাহের সময়সূচি কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এসব পণ্য আমদানির ক্ষেত্রে দুই দেশের রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের পরিকল্পনা করেছে টিসিবি। এর মধ্যে রয়েছে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা ও ৪ হাজার ৪০০ টন খেজুর। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এসব পণ্যের প্রায় ৫০ শতাংশ স্থানীয় বাজার থেকে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম ও সরবরাহ পরিস্থিতি অনুকূলে থাকলে বিদেশ থেকে পণ্য কেনার পরিমাণ বাড়ানোর সুযোগও রয়েছে। আরটিভি/এসআর
নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে পাকিস্তানের টিসিপির সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে টিসিবি
এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা
দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় ফিরেছে। গত এক বছরে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ১২ দশমিক ৯৪ শতাংশ। গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা।  ব্যাংক খাতের আর্থিক ভিত্তি ও সুশাসন জোরদারে চলমান সংস্কার উদ্যোগের মধ্যে আমানতের এই প্রবৃদ্ধিকে গ্রাহকদের আস্থা ফিরে আসার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ১৪ হাজার ৭৪৪ কোটি ৫০ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি ১০ লাখ টাকা। এদিকে, চলতি বছরের আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আমানত বেড়েছে ৩০ হাজার ৭ কোটি ৩০ লাখ টাকা বা ১ দশমিক ৪১ শতাংশ। আগস্ট শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ ছিল ২১ লাখ ৩২ হাজার ৫২১ কোটি ৩০ লাখ টাকা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগের ফলে ব্যাংক খাতে সাধারণ মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। তিনি বলেন, কয়েকটি ব্যাংক সমস্যার মুখে পড়েছিল। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এসব ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করেছে। এর ফলে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র বলেন, ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, সুশাসন নিশ্চিত করা এবং বিনিয়োগ ও ঋণপ্রবাহ স্বাভাবিক করতে একটি সমন্বিত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ১৫টি ব্যাংকের সম্পদের গুণগত মান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) সম্পন্ন হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় বাকি ব্যাংকগুলোর মূল্যায়ন কার্যক্রমও এগিয়ে চলছে। তিনি জানান, খেলাপি ঋণ কমানো, মূলধন ঘাটতি মোকাবিলা, কর্পোরেট সুশাসন জোরদার এবং ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৪৪ কোটি ৩০ লাখ টাকা। আগস্টে এর পরিমাণ ছিল ১৮ লাখ ১২ হাজার ৮৩০ কোটি টাকা। তবে এক বছরের ব্যবধানে ঋণ ও অগ্রিমের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে, সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য আর্থিক উপকরণে ব্যাংকগুলোর বিনিয়োগ এক বছরে ৩১ দশমিক ৩১ শতাংশ বেড়ে গত সেপ্টেম্বরে ৭ লাখ ৬৭ হাজার ৭৩১ কোটি টাকায় দাঁড়িয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, ব্যাংক খাতে আমানত সংগ্রহের প্রবৃদ্ধি ঋণ বিতরণের তুলনায় বেশি। আর্থিক খাতের বিদ্যমান চ্যালেঞ্জের কারণে বেসরকারি খাতে ঋণ সম্প্রসারণে ব্যাংকগুলো এখনো সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনেও কয়েকটি বেসরকারি ব্যাংকের আমানত সংগ্রহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির চিত্র উঠে এসেছে। বিশেষ করে তুলনামূলক শক্তিশালী আর্থিক ভিত্তি ও সুশাসনসম্পন্ন ব্যাংকগুলোতে আমানত বাড়ছে। ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত তাদের গ্রাহক আমানত ১৬ শতাংশ বেড়ে ১ লাখ ৩ হাজার ৯১ কোটি টাকা ছাড়িয়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ৭৭ হাজার ৯৪৭ কোটি টাকা। এ সময়ে খেলাপি ঋণের হার ছিল ২ দশমিক ২৭ শতাংশ। চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেড়ে ২ হাজার ১২১ কোটি টাকায় দাঁড়িয়েছে। সিটি ব্যাংকের আমানতও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির আমানত ছিল ৬৩ হাজার ১৬৪ কোটি ২৪ লাখ টাকা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ৪১২ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে আমানত বেড়েছে ২২ দশমিক ৬ শতাংশ। ব্যাংকটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মেয়াদি আমানত, সঞ্চয়ী আমানত ও চলতি হিসাবের আমানত বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি হয়েছে। ব্যাংক এশিয়ার আমানতও চলতি বছরের প্রথম নয় মাসে ১৯ শতাংশ বেড়েছে। এ সময়ে ব্যাংকটির আমানতের পরিমাণ ৪৪ হাজার ৬১৫ কোটি টাকা থেকে বেড়ে ৫৩ হাজার ৩০৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে ব্যাংকটির নিট মুনাফা ৩৪ শতাংশ বেড়ে ৪৭২ কোটি টাকা হয়েছে। গত বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ৩৫১ কোটি টাকা। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, এক বছরে ব্যাংক খাতে প্রায় ১৩ শতাংশ আমানত বৃদ্ধি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের একটি উৎসাহব্যঞ্জক লক্ষণ। তবে সব ব্যাংকে আমানত বৃদ্ধির চিত্র সমান নয় উল্লেখ করে তিনি বলেন, আমানতকারীরা এখন তুলনামূলক ভালো সুশাসন ও আর্থিক ভিত্তিসম্পন্ন ব্যাংককে বেশি গুরুত্ব দিচ্ছেন। এটি স্বাভাবিক প্রবণতা। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করা মাসরুর আরেফিন বলেন, তার ব্যাংকের আমানত ২২ শতাংশের বেশি বৃদ্ধি এই প্রবণতারই প্রতিফলন। তিনি বলেন, ব্যাংক খাতে আমানতকারীদের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে সুশাসন, সম্পদের গুণগত মান এবং আর্থিক শৃঙ্খলার ধারাবাহিক উন্নতি নিশ্চিত করতে হবে। এদিকে, সাধারণ আমানতকারীদের কাছে ব্যাংক খাতের পুনরুদ্ধারের সবচেয়ে বড় পরীক্ষা হলো প্রয়োজনের সময় নিজেদের অর্থ নির্বিঘ্নে উত্তোলন করতে পারা। এর মধ্যে রয়েছে নির্ধারিত সময়ে মেয়াদি আমানতের অর্থ ফেরত, চেক নিষ্পত্তি এবং এটিএম সেবা স্বাভাবিক রাখা। আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অতীতে এসব ব্যাংকের তারল্যসংকটের কারণে স্বাভাবিক ব্যাংকিং সেবা ব্যাহত হওয়ার ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতি কাটিয়ে ন্যাশনাল ব্যাংক গত ১৫ অক্টোবর থেকে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম পুনরায় শুরু করেছে। আমানত উত্তোলন ও তারল্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনার পর ব্যাংকটি এ কার্যক্রম শুরু করে। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, জনআস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুশৃঙ্খল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ব্যাংক খাতে আস্থা পুনরুদ্ধারে শুধু স্বল্পমেয়াদি তারল্য সহায়তা যথেষ্ট নয়। তিনি কর্পোরেট সুশাসন জোরদার, আর্থিক প্রতিবেদন স্বচ্ছ করা, ঋণ আদায় বাড়ানো, পর্যাপ্ত মূলধন সংরক্ষণ এবং আর্থিক অনিয়মের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। ব্যাংকগুলোর চলমান সম্পদের গুণগত মান পর্যালোচনা এবং সংস্কার উদ্যোগের মাধ্যমে প্রতিটি ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থা চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, আমানত বৃদ্ধির এই ধারা অব্যাহত রাখার পাশাপাশি উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো গেলে বেসরকারি বিনিয়োগ, শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংক খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে ব্যাংক খাতের অবদান বাড়াতে জনগণের সঞ্চয় সংগ্রহের পাশাপাশি সেই অর্থ উৎপাদনশীল বিনিয়োগে দক্ষতার সঙ্গে ব্যবহার নিশ্চিত করতে হবে। আরটিভি/এসআর
এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা
বিশ্ব বাজারে আবারও কমল সোনার দাম
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়াতে পারে এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে সোনার দাম। সুদের হার বৃদ্ধির সম্ভাবনায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় মূল্যবান এই ধাতুর বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।
বিশ্ব বাজারে আবারও কমল সোনার দাম
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর আজ: এখনও মেলেনি বিচার, শ্রমিকরা পায়নি ক্ষতিপূরণ
ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের আজ (২৪ নভেম্বর) ১৪ বছর পূর্ণ হলো।
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর আজ: এখনও মেলেনি বিচার, শ্রমিকরা পায়নি ক্ষতিপূরণ
আরও পড়ুন
রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
পোশাক খাতে অস্থিরতা: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, নজরদারিতে ১২৫ প্রতিষ্ঠান
আন্দোলনে অর্থায়ন: জব্দ হচ্ছে সাবেক মন্ত্রীসহ ২০ জনের ব্যাংক হিসাব
ঢাকায় সোনার ৬টি ‘ডিম’ জব্দ