
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে দেশে প্রবাসী আয় প্রবাহের শক্তিশালী ধারা অব্যাহত রয়েছে। ১ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৭২৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৯ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয়।
চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪২ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ৯ দশমিক ৩ শতাংশ।
শুধু ১৩ সেপ্টেম্বর এক দিনেই প্রবাসী বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ১৯ কোটি ৩০ লাখ ডলার।
প্রবাসী আয় প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার অবস্থান আরও শক্তিশালী করতে এবং বহিঃখাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো বাড়াতে সরকারের চলমান উদ্যোগ এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে।
আরটিভি/আইএম




