
অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম নতুন করে আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সবশেষ নির্ধারিত দামই যেন বহাল রাখা হয়, সেই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিপিসি চেয়ারম্যান বরাবর এই চিঠি পাঠায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
সরকারে সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১৩৫ টাকা, অকটেনের দাম ১৬৫ টাকা, পেট্রোলের দাম ১৬০ টাকা এবং কেরোসিনের দাম ১৫৫ টাকা বহাল থাকছে অক্টোবর মাসে।
বিশ্ববাজারে দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতিমাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ।
সবশেষ গত ২০ সেপ্টেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় সরকার, যা পরের দিন ২১ সেপ্টেম্বর মধ্যরাত থেকেই কার্যকর হয়।
বিপিসির লোকসান কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেল পাচারের ঝুঁকি এড়াতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে তখন জানিয়েছিল জ্বালানি বিভাগ।
আরটিভি/এসএইচএম




