ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তুকি নিয়ে টিসিবির ‘নতুন পরিকল্পনা’

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
টিসিবির লোগো। ছবি: সংগৃহীত

ব্যাংক ঋণের সুদ ও পরিচালন ব্যয় কমানো এবং বাণিজ্যিক কার্যক্রম থেকে আয় বাড়িয়ে চলতি অর্থবছরে ভর্তুকি ৫০০ থেকে ৬০০ কোটি টাকা কমানোর লক্ষ্য নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

একইসঙ্গে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সরকারি ভর্তুকির ওপর নির্ভরতা কমিয়ে আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। তবে বিদ্যমান ভর্তুকির পণ্যের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, সরকারি ভর্তুকির ওপর নির্ভরতা কমিয়ে চার থেকে পাঁচ বছরের মধ্যে সংস্থাটিকে আর্থিকভাবে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য পণ্য কেনার খরচ, ব্যাংকঋণের সুদ ও পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রম থেকে আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ফয়সল আজাদ বলেন, চলতি অর্থবছরে আমরা ভর্তুকির ব্যয় ৫০০ থেকে ৬০০ কোটি টাকা কমানোর লক্ষ্য নিয়েছি। তবে উপকারভোগীর সংখ্যা বাড়লে সংস্থার মোট ভর্তুকির প্রয়োজনও বাড়তে পারে।

২০২৫-২৬ অর্থবছরে টিসিবির ভর্তুকি ব্যয় হয়েছে ২ হাজার ৫১৪ কোটি ২২ লাখ টাকা। এ খাতে বাজেটে বরাদ্দ ছিল প্রায় ৫ হাজার ৫০০ কোটি টাকা। পণ্য কেনা ও বিক্রির দামের পার্থক্য এবং ব্যাংকঋণের সুদ—ভর্তুকির বড় দুটি উৎস।

টিসিবির চেয়ারম্যান বলেন, টিসিবির মূল সমস্যা হলো, যে দামে পণ্য কেনা হয়, সেই দামের চেয়ে অনেক কম দামে তা বিক্রি করতে হয়। কিছু পণ্য কেনা দামের তুলনায় ৪০ থেকে ৪৫ শতাংশ কম দামে বিক্রি করা হয়। এর মধ্যে ভোজ্যতেলে ভর্তুকির প্রয়োজন সবচেয়ে বেশি।

২০২২ সাল থেকে টিসিবি প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকায় বিক্রি করছে। অথচ বর্তমানে ডিলার কমিশন ও সংশ্লিষ্ট ব্যয়সহ প্রতি লিটার তেল কিনতে খরচ হচ্ছে প্রায় ১৯০ থেকে ১৯৫ টাকা। ব্যাংকঋণের সুদ যোগ করলে এ খরচ প্রায় ২০০ টাকায় দাঁড়ায়।

ব্যাংকঋণের সুদ কমাতে টিসিবি এখন ঋণপত্র (এলসি) ও ঋণপত্রের বিপরীতে ঋণ (এলটিআর) সুবিধার পরিবর্তে নগদ অর্থে চিনি ও মসুর ডাল কিনছে। এতে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ব্যাংকঋণের সুদ বাবদ প্রায় ১৪ কোটি ১৯ লাখ টাকা সাশ্রয় হয়েছে। একই সময়ে স্থানীয় বাজার থেকে নগদ অর্থে চিনি ও মসুর ডাল কেনায় এলসি চার্জ ও সংশ্লিষ্ট ব্যয় কমেছে প্রায় ৪২ লাখ ২৫ হাজার টাকা।

টিসিবির চেয়ারম্যান জানান, সংস্থাটির বার্ষিক ব্যাংকঋণের সুদ ব্যয় বর্তমানে প্রায় ৪০০ থেকে ৪৫০ কোটি টাকা। এ ব্যয় থেকে প্রায় ৩০০ কোটি টাকা কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

ফয়সল আজাদ বলেন, আমরা ঋণপত্র (এলসি) এবং ব্যাংক ও সরকারের কাছ থেকে ঋণ নেওয়ার নির্ভরতা কমাচ্ছি। যেখানে সম্ভব, নগদ অর্থে পণ্য কেনা হচ্ছে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তুলনায় ১ দশমিক ২৫ শতাংশ কম সুদে ঋণসুবিধা পাওয়ায় বেসরকারি ব্যাংকের মাধ্যমে এলসি খোলা ও এলটিআর সুবিধা নেওয়া শুরু করেছে টিসিবি।

বিক্রির অর্থ দ্রুত সংস্থার ব্যাংক হিসাবে জমা নিশ্চিত করতে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) চালু করেছে টিসিবি। আগে এ অর্থ জেলা প্রশাসকদের (ডিসি) হিসাবের মাধ্যমে আসত। নতুন ব্যবস্থায় ডিলারদের কাছ থেকে বিক্রির অর্থ দ্রুত টিসিবির হিসাবে জমা হবে। এতে নগদ অর্থের প্রবাহ বাড়বে এবং ব্যাংকঋণের ওপর নির্ভর না করে নগদে পণ্য কেনা সহজ হবে।

ভর্তুকির বাইরেও আয় বাড়াতে সাবান, ডিটারজেন্ট ও লবণকে বাণিজ্যিক পণ্য হিসেবে বাজারে এনেছে টিসিবি। এসব পণ্য প্রচলিত বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করা হলেও কেনা দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে বাণিজ্যিক কার্যক্রম থেকে ২৪ কোটি ৩৭ লাখ টাকা মুনাফা করেছে সংস্থাটি।

আয়ের উৎস বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে ফয়সল আজাদ বলেন, শুধু ব্যয় কমিয়ে ভর্তুকির চাপ কমানো সম্ভব নয়। আমাদের আয়ও বাড়াতে হবে।

পরিবহন, পণ্য ওঠানো-নামানোসহ সংশ্লিষ্ট ব্যয় কমাতে বিতরণব্যবস্থায়ও পরিবর্তন এনেছে টিসিবি। আগে আঞ্চলিক গুদাম থেকে পণ্য জেলা প্রশাসনের গুদামে পাঠানো হতো। এখন আঞ্চলিক গুদাম থেকেই সরাসরি পণ্য সরবরাহ করা হচ্ছে। গত সেপ্টেম্বর থেকে এ ব্যবস্থা কার্যকর হয়েছে।

এ ছাড়া জরিপের কাজে পুনরাবৃত্তি ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। টিসিবির চেয়ারম্যান জানান, জরিপ ও এ-সংক্রান্ত কাজে বছরে প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকা ব্যয় হয়। একই ধরনের জরিপের পুনরাবৃত্তি বন্ধ করা গেলে প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব।

তবে উপকারভোগীর সংখ্যা বাড়লে ভর্তুকির মোট পরিমাণও বাড়তে পারে বলে সতর্ক করেন টিসিবির চেয়ারম্যান। বর্তমানে অতিরিক্ত পণ্যসহ টিসিবির কার্যক্রমের আওতায় প্রতি মাসে প্রায় ৫০ লাখ মানুষ পণ্য কিনছেন। চলতি অর্থবছরে এ সংখ্যা ৭০ থেকে ৮০ লাখে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

ফয়সল আজাদ বলেন, চলতি বছর ৮০ লাখ মানুষের কাছে পৌঁছাতে পারলে আগামী অর্থবছরে এক কোটি মানুষের কাছে পৌঁছানোর আশা করছি।

বিদ্যমান ভর্তুকির পণ্যের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই জানিয়ে টিসিবির চেয়ারম্যান বলেন, এসব পণ্য আগের দামেই বিক্রি হবে। নতুন বাণিজ্যিক পণ্যও যুক্ত করা হচ্ছে, তবে সেগুলো কেনা উপকারভোগীদের জন্য বাধ্যতামূলক নয়।

ফয়সল আজাদ বলেন, উপকারভোগীরা চাইলে নতুন পণ্য কিনতে পারবেন। এসব পণ্য কেনা সম্পূর্ণ ঐচ্ছিক। কাউকে তা কিনতে বাধ্য করা হবে না।

টিসিবি চেয়ারম্যানের আশা, বাণিজ্যিক কার্যক্রম থেকে আয় বৃদ্ধি, ঋণের সুদ ও পরিচালন ব্যয় কমানো এবং দক্ষতা বাড়ানোর মাধ্যমে আগামী চার থেকে পাঁচ বছরে ধীরে ধীরে সরকারি ভর্তুকির ওপর নির্ভরতা কমিয়ে আনা সম্ভব হবে। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরও দীর্ঘ হচ্ছে সোনার দরপতন!
কিছু দিনের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দামের ছবিটা বদলে গেছে। গত বছরে যে সোনা ৫৩ বার নতুন রেকর্ড গড়েছিল, ২০২৬ সালে এসে দেখা যাচ্ছে তার টানা পতন।
আরও দীর্ঘ হচ্ছে সোনার দরপতন!
কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে দুটি আন্তর্জাতিক তহবিল থেকে প্রায় ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ। বিশ্ব সুরক্ষায় গ্লোবাল শিল্ড থেকে অতিরিক্ত তহবিল পাওয়া গেলে এই অনুদানের পরিমাণ বেড়ে ১,০৫৮ কোটি টাকায় পৌঁছাতে পারে। রোববার (২২ নভেম্বর) ভোরে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সম্মেলনে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার (প্রায় ৩৭৪ কোটি টাকা) এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো (প্রায় ৪১০ কোটি টাকা) নিশ্চিত করেছে বাংলাদেশ। তিনি বলেন, কর্মসূচির প্রথম পর্যায় সফলভাবে বাস্তবায়ন করতে পারলে গ্লোবাল শিল্ড থেকে আরও ২ কোটি ইউরো (প্রায় ২৭৩ কোটি টাকা) অতিরিক্ত পেতে পারে বাংলাদেশ। ড. সাইমুম বলেন, যদি এই অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত হয়, তবে সিআইএফ এবং গ্লোবাল শিল্ড থেকে মোট অনুদানের পরিমাণ দাঁড়াবে প্রায় ১,০৫৮ কোটি টাকা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী স্পষ্ট করে বলেন যে, বাংলাদেশের প্রাপ্ত এই অর্থের সম্পূর্ণটাই অনুদান হিসেবে এসেছে এবং এগুলো পরিশোধ করতে হবে না। তিনি আরও বলেন, সিআইএফ-এর অনুদান সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে, অন্যদিকে গ্লোবাল শিল্ডের সহায়তা জলবায়ু বীমা উদ্যোগ সহ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এই বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি করবে। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ জলবায়ু অভিযোজনে বরাদ্দের আহ্বান জানিয়েছে এবং একই সঙ্গে নির্গমন হ্রাসে অর্থায়ন বাড়ানোর ওপর জোর দিয়েছে। অনুদান হ্রাস এবং ঋণ ও বিনিয়োগের ওপর ক্রমবর্ধমান নির্ভরশীলতা যে উন্নয়নশীল দেশগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করছে, তা উল্লেখ করে অনুদান ভিত্তিক অর্থায়নের সপক্ষে যুক্তি তুলে ধরে বাংলাদেশ। ড. সাইমুম বলেন, গ্লোবাল সাউথের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছে। যেখানে ঋণ নেওয়া অপরিহার্য, সেখানে নমনীয় বা সহজ শর্তে (কনসেশনাল) তা দেওয়ার বিষয়ে আমরা জোর দিয়েছি। কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পাঁচ দফা দাবি উপস্থাপনাকে একটি বড় সাফল্য উল্লেখ করে তিনি জানান, প্রায় ৪৮ ঘণ্টার সফরকালে প্রধানমন্ত্রী দেশের জাতীয় বক্তব্য তুলে ধরেন এবং বেশ কয়েকটি দ্বিপক্ষীক বৈঠক করেন। পরবর্তীতে প্রতিনিধি দল সেই দাবির আলোকে আলোচনা চালিয়ে যায়। সম্মেলনটি সময়সীমা পেরিয়ে গড়ালে শেষ ধাপের দরকষাকষিতে গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল বলে জানান তিনি। ম্যানগ্রোভ বন সংরক্ষণ প্রসঙ্গে ড. সাইমুম বলেন, তিনি ম্যানগ্রোভ অ্যালায়েন্সের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, যেখানে অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অনুদান ও অংশীদারিত্বের মাধ্যমে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও প্রসার ঘটানো, সংরক্ষণে স্থানীয় সম্প্রদায়কে সম্পৃক্ত করা এবং এই বাস্তুতন্ত্রের ওপর নির্ভরশীল মানুষের জীবিকার উন্নয়ন করাই বাংলাদেশের লক্ষ্য। বাংলাদেশ প্রতিনিধি দলের আকার সম্পর্কে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, সরকার সরকারি কর্মকর্তা, এনজিও, উন্নয়ন সহযোগী, তরুণ জলবায়ু কর্মী এবং সাংবাদিকদের অংশগ্রহণের ব্যবস্থা করেছে, যেখানে কিছু অংশগ্রহণকারী আন্তর্জাতিক সহযোগীদের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছেন। বাংলাদেশ প্যাভিলিয়নে ৪০টিরও বেশি পার্শ্ব-ইভেন্ট আয়োজিত হয়েছিল। তিনি জানান, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কার্যকর অবদান রাখার ক্ষেত্রে প্রতিনিধি দলের সদস্যদের সক্ষমতার ওপর আগামীতে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। কার্বন ক্রেডিট বিক্রি প্রসঙ্গে ড. সাইমুম বলেন, গত সাত-আট মাস ধরে বাংলাদেশ প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছিল। কপ৩১ চলাকালে কার্বন ক্রেডিটের মাধ্যমে রাজস্ব সংগ্রহের সুযোগ অন্বেষণ করতে প্রতিনিধি দল বিভিন্ন দেশের প্রতিনিধি, গোল্ড স্ট্যান্ডার্ড এবং গ্লোবাল কার্বন কাউন্সিলের সঙ্গে আলোচনা করেছে বলে তিনি জানান। তিনি আশা প্রকাশ করেন আগামী কয়েক মাসের মধ্যে এতে অগ্রগতি হবে এবং প্রক্রিয়াটি চূড়ান্ত হলে লেনদেনের বিস্তারিত প্রকাশ করা হবে। আরটিভি/টিআর
কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ
চলমান অস্থিরতায় ১৮ দিনেই পোশাকশিল্পে ক্ষতি ৪২ কোটি ডলার
দেশজুড়ে চলমান অস্থিরতায় মাত্র ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার প্রায় ৪২ কোটি ৮০ লাখ ডলারের ক্ষতি হয়েছে। এই হিসাব গত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ক্ষয়ক্ষতির এই হিসাব উঠে এসেছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে।
চলমান অস্থিরতায় ১৮ দিনেই পোশাকশিল্পে ক্ষতি ৪২ কোটি ডলার
ক্রেতারা ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে: বিজিএমইএ
তৈরি পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষের জেরে উৎপাদন বন্ধ থাকায় বাংলাদেশ থেকে প্রায় ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা। এতে প্রায় ৩ হাজার ৯৬ কোটি টাকা (২৫৪ মিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ।
ক্রেতারা ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে: বিজিএমইএ
শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ
তৈরি পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন বন্ধ থাকা এবং কারখানার ক্ষতি মিলিয়ে ৩১৭টি কারখানার সরাসরি প্রায় ৫ হাজার ১৩৬ কোটি টাকার (৪২৮ মিলিয়ন মার্কিন ডলার) সমপরিমাণ ক্ষতি হয়েছে।
শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ
আরও পড়ুন
চাকরি দিচ্ছে টিসিবি, ৮ম শ্রেণি পাসেও করা যাবে আবেদন
রমজান ঘিরে টিসিবির ‘বিশাল’ পরিকল্পনা, উপকারভোগী হবে ৪০ লাখ
টিসিবির কার্ড পাবেন যারা, মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকা
সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী