
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর ডলারের দরপতনে বিশ্ববাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে একদিনে প্রায় ৩ শতাংশ বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম। গত আগস্টের মাঝামাঝি সময়ের পর এটিই সোনার সবচেয়ে বড় দৈনিক মূল্যবৃদ্ধি হতে যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টা ১৮ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৪১ ডলার ৬০ সেন্টে দাঁড়ায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১ ডলার ৮০ সেন্টে পৌঁছায়।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর মার্কিন ডলারের দরপতন সোনার দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। সাধারণত ডলারের দর কমলে অন্যান্য মুদ্রায় সোনা কেনা তুলনামূলক সস্তা হয়ে যায়। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বাড়ার সম্ভাবনা তৈরি হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের সুদের হারের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে ধারণা পেতে চলতি সপ্তাহে প্রকাশিতব্য দেশটির নন-ফার্ম পে-রোলস বা কৃষি খাতের বাইরের কর্মসংস্থানসংক্রান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
বিশ্লেষকদের ধারণা, কর্মসংস্থানের এই প্রতিবেদন ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদের হার নির্ধারণের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আর কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের ওপরও সোনার বাজারের গতিপথ অনেকাংশে নির্ভর করবে।
সূত্র: রয়টার্স
আরটিভি/এসকে


