
টানা দরপতনের ধারাবাহিকতায় দেশের বাজারে আবারও কমে গেছে সোনার দাম। এবারের দফায় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
বুধবার (১৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার গহনার নতুন এই দর নির্ধারন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে নতুন এই দর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার পড়বে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা পড়বে।
এর আগে, গত ১৪ নভেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার গহনার দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। তার আগে ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।
সোনার গহনার পাশাপাশি এবার কমানো হয়েছে রুপার গহনার দামও। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ২ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে ২ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরটিভি/এসএইচএম


