ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বছরে ২৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয় চট্টগ্রামের শতাব্দী প্রাচীন শুঁটকি পট্টিতে

বাসস

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি: সংগৃহীত

সারাদেশে কমবেশি শুঁটকি উৎপাদন হলেও দেশজুড়ে আলাদা কদর রয়েছে চট্টগ্রামে উৎপাদিত শুঁটকির। স্বাদে-গন্ধে অনন্য এ শুঁটকি মিশে আছে চট্টগ্রামের ঐতিহ্যের সঙ্গে। প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা চট্টগ্রামে শুঁটকি ব্যবসার প্রাণকেন্দ্র বৃহত্তর পাইকারি বাজার আছাদগঞ্জ শুঁটকি পট্টিতে বছরে লেনদেন হয় ২৪০০ কোটি টাকার বেশি। শতাব্দী প্রাচীন এই বাজারে পুরো বছরে প্রায় ৩০ হাজার টন শুঁটকি বিক্রি হয়। প্রতিদিন আনাগোনা হয় হাজারো মানুষের।

প্রতি শনি ও মঙ্গলবার সাপ্তাহিক শুঁটকির হাট বসে আছাদগঞ্জে। হাটের দিন ছাড়াও সপ্তাহের অন্যান্য দিনও বিকিকিনি হয়। হাটের দিন ভোর থেকে ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট, উত্তরবঙ্গ এবং রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে ভিড় জমান। এ বাজার থেকে দেশের মোট শুঁটকি চাহিদার ৩০-৩৫ শতাংশ মেটানো হয়। ৪৫ জন আড়তদার এবং ৩০০টির মতো খুচরা দোকান নিয়ে আছাদগঞ্জের এ পট্টিতে অসংখ্য শ্রমিকের জীবিকাও যুক্ত। সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিকরা শুঁটকি নামানো, শুকানো, বস্তায় ভরা আর বহন করার কাজে ব্যস্ত থাকেন।

আছাদগঞ্জ শুঁটকি আড়তদার সমিতির কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে শুঁটকির চাহিদা (প্রতি বছর) রয়েছে প্রায় ৬০ হাজার টন। এরমধ্যে দেশে উৎপাদন হয় ২৭ হাজার টন। বাকি ৩৩ হাজার টন মিয়ানমার, ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা হয়। যা মোট চাহিদার ৫৫ শতাংশ। বাজারে আসা মাছের আকার, শুষ্কতা ও গুণগত মানের ওপর ভিত্তি করে শুঁটকির পাইকারি দরে রয়েছে বেশ বৈচিত্র্য। আবার দেশে উৎপাদিত শুঁটকি বিদেশেও রপ্তানি করা হচ্ছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে চট্টগ্রামে উৎপাদিত শুঁটকির কদর অনেক বেশি।

চট্টগ্রাম নগরীর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের তীর ছাড়াও কর্ণফুলীসহ বিভিন্ন নদীর তীরে গড়ে উঠেছে দেশের অন্যতম এসব শুঁটকি পল্লী। বিশেষ করে কর্ণফুলী নদীর উত্তর-দক্ষিণ তীরঘেঁষা বাকলিয়া, ইছানগর, ডাঙ্গারচর, কর্ণফুলী ঘাট, ফিসারী ঘাট, চাক্তাই, রাজাখালী, মইজ্যারটেক ও জুলধায় গড়ে উঠেছে বিশাল এ কর্মযজ্ঞ। এছাড়া বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা, জালীয়াখালী নতুন বাজার সংলগ্ন ও শেখেরখীলের পূর্বাঞ্চলীয় এলাকা এবং আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বঙ্গোপসাগর তীরের তিন কিলোমিটার জুড়ে রাত দিন ব্যস্ত সময় কাটাচ্ছেন গ্রামের নারী-পুরুষরা।

এসব এলাকার দুই শতাধিক স্পটে গড়ে তোলা শুঁটকি পল্লীতে প্রতিদিন সূর্যের তাপে শুকানো হচ্ছে সাগর থেকে সংগ্রহ করা ছোট-বড় ২০ থেকে ২৫ প্রজাতির মাছ। নারীসহ প্রায় পাঁচ হাজার শ্রমিক নিয়োজিত আছেন শুঁটকি উৎপাদন কাজে।

নগরীর বাকলিয়া ও ডাঙ্গারচর শুঁটকি পল্লীতে সরেজমিনে গেলে দেখা যায়, বাকলিয়া থানা বাস্তুহারা এলাকার কর্ণফুলীর তীরেই ৯৮ একরের বিশাল শুঁটকি পল্লিতে ১২০টি মাচাং-এ শুকানো হচ্ছে শুঁটকি। এ পল্লীতে প্রতিদিন গড়ে ২ হাজার শ্রমিক কাজ করেন বলে সেখানের শুঁটকি উৎপাদনকারীরা জানান। এখানে শুঁটকি শ্রমিক ও ব্যবসায়ীরা যার যার মতো ব্যস্ত সবাই। যেন দম ফেলার ফুরসত নেই কারো। সেখানেই একটি আড়তের মাচাং-এ নারী শ্রমিক হিসেবে নিয়োজিত আছেন মর্জিনা বেগম (৪৫)।

তিনি জানান, সূর্য ওঠার পর সেই ভোর থেকেই কর্মব্যস্ততা শুরু হয়। আর সূর্য ডোবা পর্যন্ত এভাবে চলে। পাশের আড়তের ছখিনা খাতুন বলেন, সারাদিন কাজ শেষে মজুরি পাব ৫০০ টাকা। আর তা দিয়েই চলে সংসার। শুধু মর্জিনা-ছখিনা নয়, তাদের মতো দুই হাজারের বেশি নারীসহ প্রায় পাঁচ হাজার শ্রমিকের আয়-রোজগারের উৎস চট্টগ্রামের এই শুঁটকি পল্লীগুলো।

ডাঙ্গারচরে শুঁটকি শুকানো শ্রমিক নুর কাদের জানান, সাগর থেকে আনা কাঁচা মাছ প্রথমে পরিষ্কার পানিতে ধুয়ে তারপর নাড়িভুঁড়ি কেটে ফেলে দেওয়া হয়। এরপর মাচাং-এ শুকাতে দেওয়া হয়। বর্তমানে সূর্যের তাপে ৩/৪ দিনের মধ্যেই কাঁচা মাছ শুকিয়ে গিয়ে শুঁটকিতে পরিণত হচ্ছে। এরপর উৎপাদিত শুঁটকিগুলো বস্তাভর্তি করে ট্রাকে করে পাঠানো হচ্ছে আছাদগঞ্জসহ দেশের বিভিন্ন আড়তে।

আছাদগঞ্জের পাইকারি বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি লইট্যা শুঁটকি বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ১৫০০ টাকায়। ছোট ও বড় সাইজভেদে ছুরি শুঁটকি ৬০০ থেকে ২০০০, রূপচাঁদা শুঁটকি ২০০০ থেকে ৫০০০, বড় সাইজের লাল চিংড়ি ১৬০০ থেকে ২৫০০ এবং ছোট চিংড়ি ২৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। সবচেয়ে দামি লাক্ষা শুঁটকি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫০০ থেকে ৫৫০০ টাকায়। এছাড়া ফাইস্যা ৩০০ থেকে ১০০০, মইল্ল্যা ৬০০ থেকে ৮৫০, পাত্তারা ৮০০ থেকে ১২০০ এবং নোনা ইলিশ আকারভেদে প্রতি পিস ৩০ থেকে ১২০০ টাকায় কেনাবেচা হচ্ছে। অন্যদিকে মিঠা পানির শুঁটকির মধ্যে প্রতি কেজি দেশি শোল বিক্রি হচ্ছে ১০০০, বোয়াল ৭০০ থেকে ৮০০, বাইম ১৫০০ থেকে ১৬০০, পুঁটি ৫০০ থেকে ৬০০ এবং টেংরা শুঁটকি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৬০০ টাকার মধ্যে।

আছাদগঞ্জের বাজারে হাঁটতে হাঁটতে চোখে পড়ে সারি সারি মাটির কলসি। কোনোটি দোকানের সামনে। কোনোটি ভেতরে স্তূপ করে রাখা। দূর থেকে দেখে মনে হতে পারে হয়তো আচার কিংবা অন্য কোনো খাদ্যপণ্য রাখা আছে। কাছে গেলেই ভেসে আসে পরিচিত গন্ধ। কলসিগুলোর ভেতর ভর্তি চ্যাপা শুঁটকি।

মেসার্স সুকোমল বড়ুয়া প্রতিষ্ঠানের সামনে এমন অর্ধশতাধিক কলসি দেখা গেল। একটির মুখ খুলতেই দেখা যায়, স্তরে স্তরে সাজানো শুঁটকি। বহু বছর ধরে এভাবেই শুঁটকি সংরক্ষণ করে আসছেন ব্যবসায়ীরা।

প্রতিষ্ঠানটির কর্ণধার সুমন বড়ুয়া বলেন, কলসিতে রাখলে শুঁটকি দীর্ঘদিন ভালো থাকে। একটি কলসিতে ৮ থেকে ৯ কেজি পর্যন্ত শুঁটকি রাখা যায়। তবে মুখ শক্ত করে বেঁধে দিতে হয়, যাতে বাতাস ঢুকতে না পারে। বাতাস ঢুকলে শুঁটকির মান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

ব্যবসায়ী আলী আহমদ বলেন, ছোট আকারের শুঁটকি এখনো কলসিতে রাখা যায়। কিন্তু বড় আকারের শুঁটকি সংরক্ষণ করতে হলে হিমাগারের বিকল্প নেই। এতে খরচ বাড়ে। তবু পণ্যের মান ঠিক রাখতে সেই পথেই হাঁটতে হচ্ছে ব্যবসায়ীদের।

এদিকে চট্টগ্রামে উৎপাদিত শুঁটকি দেশের চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশেও। বাংলাদেশ থেকে রপ্তানিকৃত মোট শুঁটকির প্রায় ৭০-৮০ শতাংশই আছাদগঞ্জ ও চাক্তাই পাইকারি বাজার থেকে সরবরাহ করা হয়।

শুঁটকি আড়তদার সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইব্রাহীম বলেন, আশির দশক পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশে শুঁটকি তৈরি হতো। এখন উপকূলবর্তী বিভিন্ন দেশেও শুঁটকি তৈরি হচ্ছে। শুষ্ক মৌসুমে সবচেয়ে বেশি শুঁটকি তৈরি হয়। আছাদগঞ্জ থেকে সারা দেশের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা শুঁটকি নিয়ে যায়। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে দেশীয় শুঁটকি দুবাই, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে শুঁটকি রপ্তানি হয়। সরকারের সঠিক উদ্যোগ ও সহযোগিতা পেলে বাংলাদেশের শুঁটকি অন্যতম রপ্তানিখাত হতে পারে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, চট্টগ্রামের শুঁটকির মুখরোচক স্বাদ যেন প্রকৃতির অকৃপণ ঐশ্বর্য। ভোজনরসিক বাঙালি চট্টগ্রামের শুটকির মুখরোচক স্বাদের সাথে সহজেই তফাত খুঁজে নিতে পারেন অন্য শুটকির। এ শুঁটকির সুখ্যাতি রয়েছে দেশি-বিদেশি অতিথিদের ভোজনবিলাসেও।

আছাদগঞ্জ খুচরা শুঁটকি ব্যবসায়ি সমিতির সভাপতি মোহাম্মদ আবু নাছের জানান, অক্টোবর থেকে শুঁটকির মৌসুম শুরু হয়েছে। আগামী বছরের এপ্রিল পর্যন্ত চলবে। পুরো বছরে আছাদগঞ্জ শুঁটকি পট্টিতে প্রায় ৩০ হাজার টন শুঁটকি বিক্রি হয়। প্রতি কেজি গড়ে ৮০০ টাকা হলেও বছরে ২৪০০ কোটি টাকার লেনদেন হয়।

তিনি বলেন, দেশীয় উৎপাদন কমে যাওয়ায় বাজারের চাহিদার বড় একটি অংশ এখন আমদানির মাধ্যমে মেটাতে হচ্ছে। ভারত ও মিয়ানমার থেকে লইট্টা, ফাইস্যা, পোয়া, নাইলা ও ছোট ছুরি মাছের শুঁটকি বেশি আসে। আমদানিকৃত শুঁটকি কোল্ডস্টোরে রাখতে হয়। এতে পোকার আক্রমণ কম হয়। তবে আমদানিতে খরচও কম নয়। প্রতি কেজি শুঁটকি আমদানিতে সরকারি শুল্ক ও অন্যান্য খরচ মিলিয়ে ১৭০ থেকে ১৮০ টাকা ব্যয় হয়। সেই প্রভাব শেষ পর্যন্ত বাজারদরেও পড়ে।

সামুদ্রিক মৎস্য দপ্তর, চট্টগ্রামের পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, বঙ্গোপসাগর থেকে আহরণ করা বিশেষ জাতের ছোট আকৃতির মাছগুলো দিয়ে শুঁটকি উৎপাদন করা হয়। শুধু চট্টগ্রামে নয়, এখানে উৎপাদিত শুঁটকি ঢাকা, রাজশাহী, রংপুরসহ সারা দেশের মানুষের চাহিদা মেটানো হচ্ছে। এমনকি এখানে উৎপাদিত শুঁটকির একটি উল্লেখযোগ্য অংশ বিদেশেও রপ্তানি হচ্ছে। দেশের মানুষের প্রোটিনের চাহিদার একটি বড় অংশ চট্টগ্রামে উৎপাদিত শুঁটকি থেকে পূরণ হচ্ছে বলে জানান তিনি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
রমজান শুরু হওয়ার এখনো কয়েক মাস বাকি। এরই মধ্যে ছোলার কৃত্রিম সংকট তৈরি হয়েছে বাজারে। পণ্যটির দাম কেজিতে বেড়ে গেছে  প্রায় ১০ থেকে ১৫ টাকা। কাটছে না সয়াবিন তেলের সংকটও; বিক্রি হচ্ছে বাড়তি দামে। সেইসঙ্গে এখনো চড়া মাছের বাজার।
রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
প্রাণিসম্পদ পণ্য রপ্তানি ছয় মাসে বেড়েছে ২১৭ শতাংশ
এ বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে দেশের গবাদিপশু পণ্যের রপ্তানি ২১৭ শতাংশ বেড়ে ১০৪.৬৪ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে। এর আগের ছয় মাসে, অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই রপ্তানির পরিমাণ ছিল ৩২.৯৯ লাখ মার্কিন ডলার। প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) তথ্য অনুযায়ী, দেশে মাংস ও ডিমের উৎপাদন জাতীয় চাহিদাকে ছাড়িয়ে গেছে। ফলে মাথাপিছু সরবরাহের পরিমাণ এখন ন্যূনতম পুষ্টি চাহিদার চেয়েও বেশি। দেশে বর্তমানে বছরে প্রায় ৯০.৭০ লাখ টন মাংস এবং ২ হাজার ৫০৯.৪১ কোটি ডিম উৎপাদিত হয়। এর বিপরীতে বছরে আনুমানিক ৭৮.১৪ লাখ টন মাংস এবং ১ হাজার ৮৫৫.৩৬ কোটি ডিমের চাহিদা রয়েছে। তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে দুধের উৎপাদন এখনো চাহিদার তুলনায় কম। উৎপাদন বাড়ার কারণে বর্তমানে প্রতিদিন মাংস পাওয়া যাচ্ছে মাথাপিছু ১৩৯.২৯ গ্রাম, যা ন্যূনতম ১২০ গ্রামের চাহিদার চেয়ে বেশি। বর্তমানে বাৎসরিক মাথাপিছু মাংসের প্রাপ্যতা ৫০.৮৪ কেজি, যেখানে ন্যূনতম চাহিদা ৪৩.৮ কেজি। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, বাৎসরিক মাথাপিছু মাংস খরচের পরিমাণ মাত্র ১৪ কেজি। একইভাবে, বাৎসরিক মাথাপিছু ডিমের প্রাপ্যতা ১৪০টি ছাড়িয়ে গেছে, যেখানে চাহিদা প্রায় ১০৪টি। ২০১৬-১৭ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত এই এক দশকে মাংস ও ডিমের উৎপাদন যথাক্রমে ২৬.৭৮ শতাংশ এবং ৬৮.০৪ শতাংশ বেড়েছে। মাংস উৎপাদনের প্রায় ৪০ শতাংশই আসে ব্রয়লার মুরগি থেকে, যা এখন জাতীয় চাহিদা মেটাতে সক্ষম। অন্যদিকে ডিমের উৎপাদনও জাতীয় চাহিদা পূরণের পর্যায়ে পৌঁছেছে। গত এক দশকে দুধের উৎপাদন ৬৯.৭১ শতাংশ বেড়ে প্রায় ১৫৭.৫৩ লাখ টনে পৌঁছালেও, তা এখনো বছরে ১৬২.৭৯ লাখ টনের বার্ষিক চাহিদার চেয়ে কম। প্রতিদিন মাথাপিছু দুধের প্রাপ্যতা প্রায় ২৪১ মিলিমিটার, যেখানে আনুমানিক চাহিদা ২৫০ মিলিমিটার। ২০২৫-২৬ অর্থবছরে মাংসের উৎপাদন পূর্ববর্তী অর্থবছরের ৮৯.৫৪ লাখ টন থেকে ১.১৬ লাখ টন বেড়ে ৯০.৭০ লাখ টনে দাঁড়িয়েছে। ডিমের উৎপাদনও ২.৮৩ শতাংশ বেড়ে ২ হাজার ৪৪০.৬৫ কোটি থেকে ২ হাজার ৫০৯.৪১ কোটি পিসে পৌঁছেছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বাসস-এর সঙ্গে আলাপকালে এই উৎপাদন বৃদ্ধির পেছনে সরকারের নীতিগত সহায়তা, উদ্যোক্তা তৈরি এবং গরু ও পোল্ট্রির জাত উন্নয়নকে মূল কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সরবরাহ ব্যবস্থার সব পর্যায়ে অ্যান্টিবায়োটিক-মুক্ত উৎপাদন নিশ্চিত করার প্রচেষ্টাও এই খাতের অগ্রগতিতে ভূমিকা রেখেছে। রপ্তানি পরিস্থিতির বিষয়ে শাহজামান জানান, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) গবাদিপশু পণ্য রপ্তানি করে ১৫৪.৪৭ লাখ মার্কিন ডলার বা ১৯৩.০৮ কোটি টাকা আয় হয়েছে। যেখানে পুরো ২০২৫-২৬ অর্থবছরে আয়ের পরিমাণ ছিল ৮২.০৬ লাখ মার্কিন ডলার বা ১০২.৫৭ কোটি টাকা। তিনি বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তর পণ্যের গুণগত মান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এছাড়া আন্তর্জাতিক স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) প্রয়োজনীয়তা পূরণ, হিমাগার সুবিধার উন্নয়ন এবং রপ্তানি মূল্য প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে সংস্থাটি কাজ চালিয়ে যাচ্ছে। এই ধারা চলমান রাখতে নতুন নতুন রপ্তানি বাজার খোঁজার কাজও চলছে। এই খাতের উৎপাদনের সম্ভাবনা সম্পর্কে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. শাকিলা ফারুক বলেন, দেশের গবাদিপশু উৎপাদন বর্তমান স্তরের চেয়ে অন্তত তিন গুণ বাড়ানো প্রয়োজন।      তিনি বলেন, বাংলাদেশের মানুষ বছরে গড়ে ১৪০টির মতো ডিম খায়, অথচ উন্নত দেশগুলোতে এই সংখ্যা প্রায় ৪০০। বাংলাদেশে মুরগির মাংস খাওয়ার হারও উন্নত দেশগুলোর তুলনায় অনেক কম। বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম গবাদিপশু পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, প্রধানত অদক্ষ উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশে মাংস, দুধ ও ডিমের দাম প্রতিবেশী ভারতের চেয়ে বেশি। তিনি তৃণমূল উদ্যোক্তাদের সহায়তা দিতে এবং কর্পোরেট গোষ্ঠী যাতে বাজার নিয়ন্ত্রণ বা দাম কারসাজি করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। পশুপালন, দুগ্ধ ও পোল্ট্রি খামারিদের মধ্যে আধুনিক যন্ত্রপাতির বিস্তৃত বিতরণের তাগিদ দেন। এর মধ্যে রয়েছে মিল্কিং মেশিন, ঘাস কাটার যন্ত্র, ট্রাক্টর, খড় কাটার যন্ত্র, মিল্ক ক্যান, ক্রিম সেপারেটর ও পাস্তুরাইজেশন প্ল্যান্ট। ড. আলম বলেন, কৃষি শ্রমিকের সংখ্যা কমে যাওয়ায় যান্ত্রিকীকরণ এখন অপরিহার্য হয়ে পড়েছে। প্রতিটি খামারকে আধুনিক উৎপাদন ইউনিট হিসেবে গড়ে তোলা উচিত। বিএলআরআই-এর সাবেক মহাপরিচালক ড. শহিদুল হক কৃষি খাতের মতো গবাদিপশু খামারিদেরও প্রণোদনা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি পশু শনাক্তকরণ ও তথ্য সংরক্ষণ ব্যবস্থা চালু, প্রাণিসম্পদ নীতি ও আইন আরও শক্তিশালী করা এবং প্রান্তিক খামারিদের সুরক্ষায় বিমা সুবিধার ওপর গুরুত্ব দেন।  গবেষণা এবং বিদেশ থেকে উপযুক্ত জাতসহ উচ্চফলনশীল ও সংকর জাত আনার মাধ্যমে গবাদিপশুর জাত উন্নয়নের পরামর্শ দেন তিনি। ড. হক বলেন, খামারি ও ভোক্তা উভয় পক্ষ যাতে ন্যায্যমূল্য পায়, সেজন্য সরকারের একটি মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করা এবং মধ্যস্বত্বভোগীদের দাপট কমানো উচিত। বিপণন চ্যালেঞ্জ মোকাবিলা এবং খামারিদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে একটি প্রাণিসম্পদ বিপণন বিভাগ গড়ে তোলার প্রস্তাব দেন। তিনি উল্লেখ করেন, বছরে প্রায় এক শতাংশ হারে কৃষিজমি অকৃষি খাতে চলে যাওয়া সত্ত্বেও বাংলাদেশে গবাদিপশু উৎপাদন সম্প্রসারণের এখনো যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি বলেন, গ্রামীণ পরিবারগুলো ব্রয়লার, লেয়ার, গরু, ছাগল ও ভেড়া পালন করে এই খাতের প্রসারে অবদান রাখতে পারে। যা মাংস, দুধ ও ডিমের রপ্তানি সম্ভাবনা নতুন খামার গড়ে তুলতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করবে। ২০২৫-২৬ অর্থবছরে দেশের জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ছিল ১.৮১ শতাংশ এবং কৃষি জিডিপিতে এর অবদান ছিল ১৬.৫৬ শতাংশ। দেশের প্রায় ৪৩.৬৪ শতাংশ পরিবার গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের সঙ্গে যুক্ত। দেশের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ প্রত্যক্ষভাবে এবং প্রায় ৫০ শতাংশ পরোক্ষভাবে এই খাতের ওপর নির্ভরশীল। ২০২৬-২৭ অর্থবছরে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের জন্য সম্মিলিতভাবে ৪৩,৩৫৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা জিডিপির ০.৬৩ শতাংশ। আরটিভি/এসআর  
প্রাণিসম্পদ পণ্য রপ্তানি ছয় মাসে বেড়েছে ২১৭ শতাংশ
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার ‘আগাম বার্তা’ পাবেন কৃষকরা
কৃষক কার্ডধারীদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে আবহাওয়ার আগাম পূর্বাভাস। এর ফলে বৃষ্টি, তাপমাত্রার পরিবর্তন কিংবা প্রতিকূল আবহাওয়ার বিষয়ে আগে থেকেই সতর্ক হতে পারবেন কৃষকরা। 
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার ‘আগাম বার্তা’ পাবেন কৃষকরা
কৃষিতে উচ্চফলনশীল জাত উদ্ভাবনে ‘বিনা’র বিপ্লব
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) পরমাণু শক্তির শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের কৃষিতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ২২টি ফসলের মোট ১৩৯টি উচ্চফলনশীল ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে ৯৬টি জাত উদ্ভাবন করা হয়েছে সরাসরি মিউটেশন ব্রিডিং বা বিকিরণ প্রযুক্তির মাধ্যমে।
কৃষিতে উচ্চফলনশীল জাত উদ্ভাবনে ‘বিনা’র বিপ্লব
কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক, চাঙা হচ্ছে গ্রামীণ অর্থনীতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে। এতে ঋণের বোঝা থেকে স্বস্তি পেয়েছেন প্রান্তিক কৃষকেরা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হচ্ছে।
কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক, চাঙা হচ্ছে গ্রামীণ অর্থনীতি
আরও পড়ুন
চট্টগ্রামে তেলের গুদামে আগুন
‘পাপ বাপকেও ছাড়ে না’, ২২ বছর পর মিলল প্রবাদের সত্যতা
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বিস্ফোরণ
চবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি নির্দেশিকা প্রকাশ, পরীক্ষা শুরু ২ জানুয়ারি