ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।

এ সুযোগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজির এলপিজি সিলিন্ডার। ফলে খুচরা বাজারে রান্নার গ্যাসের দাম দুই হাজার টাকা ছাড়িয়েছে।

বিইআরসি নির্ধারিত দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে ভোক্তাদের তা কিনতে হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকায়। এতে বাড়তি খরচের চাপে পড়েছেন সাধারণ গ্রাহকেরা।

বিইআরসি ও এলপিজি আমদানিকারক সূত্রে জানা গেছে, গত আগস্টে দেশে প্রায় ১ লাখ ৬০ হাজার টন এলপিজি আমদানি হয়েছিল। তবে চলতি সেপ্টেম্বর মাসে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টন। অর্থাৎ এক মাসে আমদানি কমেছে প্রায় ৪০ হাজার টন।

অথচ গত ২ সেপ্টেম্বর ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

ব্যবসায়ীদের ভাষ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে লোহিত সাগর ও হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ নৌপথে পণ্য পরিবহনে জটিলতা তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে জাহাজের সংকট ও পরিবহন ব্যয় বেড়েছে। বাংলাদেশের এলপিজি আমদানির প্রধান উৎস মধ্যপ্রাচ্য হওয়ায় এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারে। বিকল্প পথে পণ্য আনতে সময় ও খরচ দুটোই বাড়ছে।

মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আবু সাঈদ রেজা বলেন, বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো কার্গো পাওয়া। একটি নৌপথ বন্ধ থাকলে আগে বিকল্প পথে পণ্য আনা সম্ভব হতো। কিন্তু এখন দীর্ঘমেয়াদি চুক্তি থাকা সত্ত্বেও অনেক আন্তর্জাতিক সরবরাহকারী প্রায় ২০ শতাংশ সরবরাহ কমিয়ে দিয়েছে। বাড়তি প্রিমিয়াম দিয়েও খোলাবাজার থেকে কার্গো সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।

আমদানিকারকদের দাবি, আন্তর্জাতিক বাজারে কার্গো প্রিমিয়াম ও পরিবহন ব্যয় বৃদ্ধির বিষয়টি বিইআরসির মাসিক মূল্য নির্ধারণে পুরোপুরি সমন্বয় করা হচ্ছে না। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সদস্যদের তথ্যমতে, বিশ্ববাজারে কার্গো প্রিমিয়াম টনপ্রতি ১৬০ ডলার থেকে বেড়ে ২৬০ থেকে ৪০০ ডলারে পৌঁছেছে। ফলে নির্ধারিত দামে গ্যাস বিক্রি করে বাড়তি ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। লোকসান এড়াতে কিছু প্রতিষ্ঠান আমদানি সীমিত রেখেছে বলেও দাবি তাদের।

ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজীম চৌধুরী বলেন, সেপ্টেম্বরে তাদের প্রতিষ্ঠান প্রায় ৩০ হাজার টন এলপিজি আমদানি করেছে। বৈশ্বিক সংকটে উৎপাদকদের দিক থেকে সরবরাহে বিঘ্ন ঘটলেও পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

দেশে বছরে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টন এলপিজির চাহিদা রয়েছে। এর প্রায় ৮০ শতাংশ ব্যবহৃত হয় গৃহস্থালির রান্নার কাজে। মোট চাহিদার প্রায় ৯৯ শতাংশই সরবরাহ করে বেসরকারি খাত।

এদিকে, সেপ্টেম্বর মাসে সরবরাহ ঘাটতির কারণ হিসেবে কিছু প্রতিষ্ঠানের নির্ধারিত জাহাজ সময়মতো না পৌঁছানোর বিষয়টি উল্লেখ করেছেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, সংকট নিরসনে দ্রুত আমদানিকারকদের সঙ্গে বৈঠক করা হবে।

তবে বৈশ্বিক নৌপথের জটিলতা দূর না হলে এবং প্রয়োজনীয় কার্গো সরবরাহ নিশ্চিত করা না গেলে অক্টোবর মাসেও এলপিজি সংকট অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

চলমান সংকটে একদিকে নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ দিয়ে রান্নার গ্যাস কিনতে হচ্ছে ভোক্তাদের, অন্যদিকে আমদানি ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সামনের দিনগুলোতে বাজার পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম
ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যের পর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ কমে ৯২ দশমিক ৩৩ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৫ সেন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৮৫ শতাংশ কমে যায়। একপর্যায়ে গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে জ্বালানি তেলটির দাম। সোমবার ট্রাম্প জানান, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা নেই তার। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার এবং পরে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আপাতত হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে। বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, মধ্যবর্তী নির্বাচনের পর ইরান ইস্যুতে ট্রাম্পের তুলনামূলক নমনীয় অবস্থানকে গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক বাজার। তবে হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা এখনও ঘটছে। যদিও পরিস্থিতি এখনো এমন পর্যায়ে পৌঁছায়নি, যাতে বাজারে নতুন করে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শিগগিরই শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তারা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেছেন, কল্পিত আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি বন্ধ করতে হবে। একই সঙ্গে ইরানের পক্ষ থেকে উত্থাপিত সাতটি শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে, তেল সরবরাহের ক্ষেত্রে ওপেকভুক্ত দেশগুলোর উৎপাদন বেড়েছে। রয়টার্সের এক জরিপ অনুযায়ী, অক্টোবরে সৌদি আরব, কুয়েত ও ইরাকের উৎপাদন বৃদ্ধির কারণে জোটটির সামগ্রিক তেল উৎপাদন বেড়েছে। তবে রপ্তানির ক্ষেত্রে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে। এদিকে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দিনের আলোচনায় বসার পরিকল্পনা করেছেন। গত ফেব্রুয়ারির পর এটিই দুই দেশের মধ্যে প্রথম বৈঠক। গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসানে একটি বৃহত্তর শান্তিচুক্তি সম্ভব হতে পারে। এতে ইউরোপের নিরাপত্তার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা প্রশমনের সম্ভাবনা এবং জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। আরটিভি/এসকে
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে সোনার দাম ওঠানামা করলেও সর্বশেষ নির্ধারিত দামেই মঙ্গলবার (১০ নভেম্বর) বিক্রি হচ্ছে সোনা। নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা না আসায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত মূল্য কার্যকর রয়েছে।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
টিকিট বিক্রির ৬৭৪ কোটি টাকার হিসাব দেখায়নি মেট্রোরেল
টিকিট বিক্রি থেকে আয় পৌনে সাতশ কোটি টাকা। অথচ সেটিকে দায় হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে আর্থিক প্রতিবেদনে। শুধু তাই নয়, সেই অর্থের কমিশন বাবদ আবার ৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে। 
টিকিট বিক্রির ৬৭৪ কোটি টাকার হিসাব দেখায়নি মেট্রোরেল
বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ হলো
চিকিৎসার জন্য বিদেশে বাংলাদেশিদের জন্য ডলার খরচের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। 
বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ হলো
নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর!
প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন, সেবা এবং ভ্যালু চেইন অর্থায়ন— এই চার উপখাতে ঋণ দেওয়া হচ্ছে।
নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর!