ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

চড়ামূল্যের বাজারে ভোগান্তি বাড়াচ্ছে কৃত্রিম সংকট

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম
ছবি: এআই দ্বারা তৈরি

রাজধানীর কাঁচামালের বাজারে শীতের আগাম সবজি হিসেবে দাপট দেখাচ্ছে শিম। ইতোমধ্যে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে এই সবজি। সেই সঙ্গে ক্রেতা সাধারণের ভোগান্তি বাড়িয়েছে এলপিজি গ্যাস, সয়াবিন তেল ও চিনির সরবরাহ সংকট। নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে এসব পণ্য বিক্রি হচ্ছে।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার, রামপুরা, হাজীপাড়া, মালিবাগ, সেগুনবাগিচা ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, এখন বেশিরভাগ দোকানে প্যাকেটজাত এক কেজি চিনির খুচরা মূল্য ১১০ টাকা হলেও তা ১২০ টাকা বিক্রি হচ্ছে। আবার এক লিটার সয়াবিন তেল ২০৪ টাকার পরিবর্তে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও প্যাকেট চিনি ও বোতলের তেল মিলছে না। খোলা তেল-চিনি বিক্রি হচ্ছে প্যাকেটজাত পণ্যের দামে।

এদিকে সবজির বাজারে দেখা যায়, বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ বেশির ভাগ সাধারণ সবজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ১২০ টাকা কেজি দরে। শসা তুলনামূলক কিছুটা কম দামে ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

দাম সবচেয়ে বেশি এমন সবজির মধ্যে লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা ও টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বরবটি, ঝিঙে ও করলার কেজি ৮০ টাকা। লাউ প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকা, কচুরমুখি বিক্রি করা হচ্ছে ৮০ টাকায়।

তবে দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর শীতের আগাম সবজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। ৩০ টাকা কেজিতে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে।

সবজির উচ্চমূল্যের মধ্যে একমাত্র স্বস্তি এসেছে কাঁচা মরিচের বাজারে। কয়েক সপ্তাহ আগে যে কাঁচা মরিচ কেজিপ্রতি ২০০ টাকায় ঠেকেছিল, সরবরাহ বৃদ্ধি পাওয়ায় তা এখন মানভেদে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি ক্রেতা ইদ্রিস মিয়া বলেন, আজ বেগুন কিনেছি ১০০ টাকা, করলা ৮০ টাকা, ছোট লাউ ৫০ টাকা ও এক পোয়া মরিচ কিনেছি ৪০ টাকায়। সব কিছুর দাম বেশি।

এদিকে মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের দামও আগের উচ্চমূল্যেই রয়েছে। প্রতি ডজন ১৫৫ টাকা ও চারটি ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেরও একই চিত্র। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০, পাঙাশ ২২০ থেকে ২৩০, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি। পাবদা ৩৫০ থেকে ৪০০, বড় আকারের রুই ৪৫০ থেকে ৫০০ ও ট্যাংরা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা দরে।

মাঝারি আকারের রুই কেনা যাচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা দরে। এ ছাড়া, রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে হাজারের বেশি টাকা গুনতে হবে। তবে মাছের সাইজ এবং মাছ জীবিত বা মৃত হওয়ার উপরও দাম নির্ভর করে। প্রতিটি বাজারে ১০ থেকে ২০ টাকা কেজিপ্রতি কম বেশি হতে পারে।

মাছ বিক্রেতা নাজিম বলেন, মাছের দাম আগের মতোই আছে। আজকে তেলাপিয়া ২৫০ টাকা আর পাঙাশ ২২০ টাকা কেজি বিক্রি করছি। মাছের দাম সরবরাহের উপর নির্ভর করে। এখন এক দাম, বিকেলে আরেক দাম। আবার মাছ বেশি আসলেও দাম কমে যায়। আবার ক্রেতা বেশি আসলেও দাম বেড়ে যায়।

বাজারের কড়া উত্তাপের মধ্যে ক্রেতাদের নতুন করে বিপাকে ফেলেছে এলপিজি গ্যাসের অতিরিক্ত দাম বৃষ্টি ও কৃত্তিম সংকট।

প্রতি মাসেই সরকারের পক্ষ থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দেওয়া হলেও, সেই দামের চেয়ে বেশিতে ভোক্তাদের কাছে তা বিক্রি আসছেন খুচরা পর্যায়ের বিক্রেতারা। জানতে চাইলেই তারা বলেন, ডিলারদের কাছ থেকে বেশি দামে কিনতে হয় বলে সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি করা সম্ভব হয় না তাদের পক্ষে। সম্প্রতি আরও খারাপ হয়েছে পরিস্থিতি।

সবশেষ যেখানে প্রতিটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা বেঁধে দিয়েছে সরকার, সেখানে সংকটের কথা বলে একেকটি এলপিজির সিলিন্ডারের জন্য ভোক্তাদের কাছ থেকে ২২০০ থেকে ২৬০০ টাকা নিয়ে নিচ্ছেন খুচরা বিক্রেতারা। অর্থাৎ, সরকার নির্ধারিত দামের চেয়েও ৬০০ থেকে ১০০০ টাকা বেশি দিয়ে এলপিজি সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা।

আরটিভি নিউজ/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্যে হামলা ও সংঘাতের তীব্রতা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম।
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
ফের সোনার দামে পতন
দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ফের সোনার দামে পতন
দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা না আসায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত মূল্যেই সোনা কেনাবেচা হচ্ছে।
দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে সোনা
প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে নতুন আশার সঞ্চার
প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃহস্পতিবারের (২২অক্টোবর) মোংলা বন্দর, দাকোপ উপজেলা ও সুন্দরবন সফরকে ঘিরে দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়ন ত্বরান্বিত হওয়ার নতুন আশায় বুক বাঁধছেন স্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। সফরকালে প্রধানমন্ত্রী মোংলা বন্দর জেটির কার্যক্রম এবং বন্দরের পাশে অবস্থিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া তিনি হেলিকপ্টারযোগে সুন্দরবনের বিভিন্ন স্থান এবং বন্দর চ্যানেল-সংলগ্ন এলাকাও পরিদর্শন করবেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর মোংলা বন্দর, দাকোপ ও সুন্দরবনে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম সফর। এর ফলে বন্দর ও এর আশেপাশের অর্থনৈতিক এলাকার সার্বিক উন্নয়নে সরকার আবারও বিশেষ নজর দেবে বলে আশা করছেন স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম বলেন, সফরকালে প্রধানমন্ত্রী বন্দরের সুযোগ-সুবিধা এবং সংলগ্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। তিনি বলেন, মোংলা বন্দরকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক ও লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলতে চীন থেকে বিনিয়োগ আকর্ষণ, মোংলা নদীর ওপর সেতু নির্মাণ এবং মংলা-খুলনা সড়কটি ছয় লেনে উন্নীত করার বিষয়ে সরকারের সুনির্দিষ্ট উদ্যোগ থাকবে। পাশাপাশি ট্রানজিট সুবিধা পুরোপুরি কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আশার সঞ্চার করেছে।  তারা অবকাঠামোগত সীমাবদ্ধতা ও বন্দরের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করছেন। মোংলা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন বলেন, মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং আশপাশের শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এখন সময়ের দাবি।  তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ উৎপাদন ব্যয় কমাতে এবং বিশ্ববাজারে বাংলাদেশের ব্যবসায়ীদের প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করবে। পাশাপাশি, মোংলা নদী ও বন্দর চ্যানেলের নাব্য বজায় রাখতে এবং ক্যাপিটাল ড্রেজিংয়ের একটি স্থায়ী সমাধানের দাবি জানান তিনি। এ ছাড়া আমদানিকৃত ও রপ্তানিযোগ্য পণ্য কম খরচে এবং দ্রুত ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পরিবহনের জন্য রেল ও সড়কপথের পূর্ণ ব্যবহারের ওপর তিনি জোর দেন। যোগাযোগ করা হলে মোংলা শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন রফিকুল ইসলাম বলেন, বন্দরের জেটিতে আগত জাহাজের সংখ্যা কমে যাচ্ছে। তিনি বন্দর চ্যানেলে নিয়মিত ড্রেজিংয়ের স্থায়ী সমাধান এবং রামপালে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণ কাজ শুরুর জোরালো দাবি জানান। এ ছাড়া আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করতে বন্দরের সব ধরনের অনিয়ম বন্ধের আহ্বান জানিয়ে আশা প্রকাশ কওে বলেন, সফরকালেই প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। মোংলা বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খোরশেদ আলম বলেন, পর্যাপ্ত সক্ষমতা থাকা সত্ত্বেও আমদানি-রপ্তানি বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে মোংলা। তিনি বলেন, বন্দর পরিচালনার ক্ষেত্রে সকল ধরনের হয়রানি বন্ধ এবং একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া অঙ্গীকারের বাস্তব প্রতিফলন দেখতে চান ব্যবসায়ীরা। এদিকে প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষ্যে দলীয় কর্মসূচি না থাকলেও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফরকে স্বাগত জানিয়ে বাগেরহাট জেলা, দাকোপ ও সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোতে আনন্দ মিছিল করেছেন দলটির সমর্থকরা। মোংলা উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান হাওলাদার বলেন, দলের চেয়ারম্যান দেশ পরিচালনায় ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন এবং শুরু থেকেই মোংলা  বন্দরের উন্নয়নে নজর দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ সফর সেই প্রচেষ্টারই অংশ। এ উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। ব্যস্ততার মধ্যেও মোংলা বন্দরকে সফরের অংশ করায় তিনি দলীয় প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২২ অক্টোবরের সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুরো এলাকায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আরটিভি/টিআর
প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে নতুন আশার সঞ্চার
আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত বলেছেন, সৌর বিদ্যুৎ স্থাপনের বিষয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী গ্রীষ্মের আগেই এ খাত থেকে তিন-চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। দেশের প্রথম রাজনৈতিক কার্যালয় হিসেবে বুধবার (২১ অক্টোবর) দুপুরে যশোর জেলা বিএনপি অফিসে সৌর বিদ্যুৎ স্থাপনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পরে প্রতিমন্ত্রী শহরের লালদিঘি পাড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।  তিনি বলেন, সৌর বিদ্যুৎ নিয়ে মানুষের আগ্রহের কারণে সরকারও এ ব্যাপারে নীতি সহায়তা দিচ্ছে। ফলে এ খাতে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাও তৈরি হচ্ছে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনের বিষয়ে প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে যশোর জেলা বিএনপি কার্যালয়ে ৬ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এখন পর্যন্ত দেশের আর কোনো রাজনৈতিক কার্যালয়ে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে বলে আমার জানা নেই। যশোর জেলা বিএনপি কার্যালয়ের এই উদ্যোগ দেখে অন্য রাজনৈতিক দলগুলোও তাদের দলীয় কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনে আগ্রহী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, সেচ পাম্পগুলোও পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালিত করা হবে। এতে ডিজেল ও বিদ্যুতের ওপর চাপ কমবে। কৃষকের উৎপাদন ব্যয়ও কমে আসবে। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, যশোর জেলা বিএনপি কার্যালয়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। নিজেদের ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করারও ব্যবস্থা আছে। সব মিলিয়ে আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে এই সৌর প্যানেল স্থাপনের খরচ উঠে আসবে বলে তিনি মনে করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ। আরটিভি/টিআর
আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আরও পড়ুন
হিমছড়ি সৈকতে গোসলে নেমে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে সোনা
কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২