ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময় নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি মার্কেটে সোলার প্যানেল স্থাপনে ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে সরকার।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকান, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত ওই সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছাড়াও বিদ্যুৎ সচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে— এখন থেকে সপ্তাহে ৩ দিন রাত ১০টা পর্যন্ত এবং ৩ দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। যাতে শীতকালীন ব্যবসাটা আমরা যথাযথভাবে করতে পারি।

এদিকে দোকান মালিক সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপন করতে চায়, সরকার তাদের ৫ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে। পাশাপাশি সোলার প্যানেলগুলো মানসম্পন্ন কি না, তা নিশ্চিত করতে বিএসটিআইয়ের সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এর পরও নিম্নমানের সোলার প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০২৭ সালে ব্যাংকের ছুটির তালিকায় প্রকাশ, যুক্ত হলো আরও ৩ দিন
সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন দিবস উপলক্ষে ২০২৭ সালে মোট ৩১ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে পবিত্র রোজার ঈদে টানা পাঁচ দিন এবং কোরবানির ঈদে ছয় দিন ব্যাংক ছুটি থাকবে। রোববার (২৯ নভেম্বর) এ-সংক্রান্ত পরিপত্র জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।  কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ নভেম্বরের প্রজ্ঞাপনের ভিত্তিতে ২০২৭ সালের ব্যাংক ছুটির তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী, ১ জুলাই (বৃহস্পতিবার) ও ৩১ ডিসেম্বর (শুক্রবার) ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। এ ছাড়া ২৪ জানুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা এবং ৭ মার্চ শবে কদর উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। রোজার ঈদ উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংকে ছুটি থাকবে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং ১ মে মে দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। কোরবানির ঈদ উপলক্ষে ১৫ থেকে ২০ মে পর্যন্ত ছয় দিন ব্যাংকে ছুটি থাকবে। একই সময়ে ২০ মে বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমাও পালিত হবে। এরপর ১৬ জুন আশুরা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। বছরের দ্বিতীয়ার্ধে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী এবং ৯ ও ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ব্যাংকে ছুটি থাকবে। এ ছাড়া ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত ছুটির দিনগুলোতে ব্যাংকে কোনো লেনদেন হবে না। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ছুটির তারিখ পরিবর্তন হতে পারে। আরটিভি/এসআর
২০২৭ সালে ব্যাংকের ছুটির তালিকায় প্রকাশ, যুক্ত হলো আরও ৩ দিন
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ
দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানির বিকল্প উৎস সম্প্রসারণের লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে (জি-টু-জি) বাণিজ্য সহযোগিতা নতুন এক  উচ্চতায় তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ
‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জ্বালানি ও গ্যাসের বাড়তি দামের কারণে আমদানিজনিত মূল্যস্ফীতি তৈরি হচ্ছে, যার ওপর সরকারের নিয়ন্ত্রণ সীমিত।
‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’
টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি
মাঝে পড়তি দিকে থাকা সোনার বাজারে আবারও দেখা যাচ্ছে উর্ধ্বগতি। গত তিন দিনে দেশের বাজারে তিন দফা বেড়েছে মূল্যবান ধাতুটির দাম।
টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি
এলএনজি আমদানিতে ছয় মাসে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি
এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিতে সরকারকে বিপুল আর্থিক চাপ বহন করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে এ খাতে ভর্তুকি দিতে হয়েছে ৩৪ হাজার কোটি টাকা। তিনি বলেন, শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই জ্বালানি সংকটের সমাধান হবে না। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ- জ্বালানি ব্যবস্থার প্রতিটি পর্যায়ে দক্ষতা বাড়াতে হবে। এলএনজি আমদানিতে বিপুল ভর্তুকির কারণে রাষ্ট্রের ওপর আর্থিক চাপ তৈরি হচ্ছে। তাই আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে হবে। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই’ প্রতিপাদ্যে আজ সম্মেলন শুরু হয়েছে। রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থের মাধ্যমে গ্রামের মানুষ ৬ শতাংশ সুদে ১২ বছরে পরিশোধযোগ্য ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন। সরকারি ও বাণিজ্যিক ভবনের ছাদ থেকে শুরু করে উপযুক্ত কৃষিজমিতেও সৌরবিদ্যুৎ সম্প্রসারণের সুযোগ রয়েছে। নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় জ্বালানি ব্যবস্থার মূল ধারায় নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা বর্তমান নীতিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এ সম্ভাবনা কাজে লাগাতে বড় বড় বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভর না করে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদনে যুক্ত করতে হবে। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনায় যুক্ত করতে হবে। বিকেন্দ্রীভূত ও জনগণের মালিকানাভিত্তিক বিদ্যুৎব্যবস্থা গড়ে তুলতে পারলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ খাতে মানুষের অংশগ্রহণও বাড়বে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এ আধিপত্য ভাঙতে হলে নবায়নযোগ্য জ্বালানিকে কেবল বিকল্প হিসেবে নয়, বরং জাতীয় জ্বালানি ব্যবস্থার অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন লইয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (লিড) প্রধান নির্বাহী আবদুল্লাহ আল নোমান, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ বাংলাদেশের নির্বাহী পরিচালক আবিল বিন আমিন, সেন্টার ফর রিনিউএবল এনার্জি সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ চৌধুরী, সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মীনা, সিটি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ আশানুর রহমান এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ।  অধিবেশনে সভাপতিত্ব করেন বিডব্লিউজিইডির আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলাম। তিন দিনের এ সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। নীতিনির্ধারক, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ ও তরুণ প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। সম্মেলনে ১৩টি বিষয়ভিত্তিক অধিবেশনে জ্বালানি নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, এলএনজি ও কয়লাভিত্তিক জ্বালানি সম্প্রসারণের ঝুঁকি, জ্বালানি রূপান্তরে অর্থায়ন, আঞ্চলিক সহযোগিতা, শিল্প খাতের কার্বন নিঃসরণ হ্রাস, বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের ভূমিকা এবং নবায়নযোগ্য জ্বালানি প্রসারে স্থানীয় সরকারের ভূমিকা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি জ্বালানি ন্যায়বিচারে গণমাধ্যমের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শ্রমিক, আদিবাসী ও নারীদের অংশগ্রহণ নিয়েও আলোচনা হবে। ২০২৩ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশ জ্বালানি সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় দ্বিতীয় ও তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় যথাক্রমে ২০২৪ ও ২০২৫ সালে। বিডব্লিউজিইডির উদ্যোগে দেশের ১৪টি সংগঠনের সহযোগিতায় এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে। আরটিভি/এসআর
এলএনজি আমদানিতে ছয় মাসে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি
আরও পড়ুন
শপিং মল-মার্কেট-দোকানপাট বন্ধের সময়ে ফের পরিবর্তন
আজ থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিং মল
শপিংমল-মার্কেট-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ